বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় কাল বুধবার মেয়র পদে নির্বাচন হচ্ছে না। একক প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের রফিকুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।

মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছেংগারচর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আজ মঙ্গলবার তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলার নির্বাচন কর্মকর্তা ও ছেংগারচর পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কাজি হেকমত আলী প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের এক রায়ের ফলে আওয়ামী লীগের রফিকুল আলম এই পৌরসভায় একমাত্র মেয়র প্রার্থী। ওই পদে আর কোনো প্রার্থী না থাকায় তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, রফিকুল আলমকে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণার জন্য গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি আসে। নির্বাচন কমিশনের সহকারী সচিব মো. রাজিব আহসান স্বাক্ষরিত ওই চিঠির পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনকে লিখিতভাবে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

মতলব উত্তরের ইউএনও ও ছেংগারচর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, কেবল কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে কাল ভোটগ্রহণ হবে।

মতলব উত্তর উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট বিএনপির মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেন। পরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিকুল আলম হাইকোর্টের দেওয়া ওই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন। ওই আপিলের শুনানি শেষে সুপ্রিম কোর্ট গত ২২ ডিসেম্বর হাইকোর্টের রায় ৬ মাসের জন্য স্থগিত করেন। এতে নির্ধারিত ৩০ ডিসেম্বর ওই পৌরসভায় মেয়র পদে ভোট না হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।