বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০ কাউন্সিলর নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তিন পৌরসভায় আটজন এবং টাঙ্গাইল পৌরসভায় দুজন কাউন্সিলর পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁরা সবাই আওয়ামী লীগের সমর্থক। পৌরসভাগুলোতে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।
ভোলা সদর পৌরসভায় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মঞ্জুরুল আলম নির্বাচিত হয়েছেন। এখানে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। ২ নম্বর ওয়ার্ডের ইব্রাহীম খোকন ও ৩ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিন লিংকন নির্বাচিত হয়েছেন। এই দুই ওয়ার্ডে একাধিক প্রার্থী কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই-বাছাইয়ে তাঁদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
দৌলতখান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাকসুদুর রহমান ও ৭ নম্বর ওয়ার্ডের মোসলেহউদ্দিন নির্বাচিত হয়েছেন। এই দুই ওয়ার্ডে একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও পরে বাতিল হয়ে যায়। এ পৌরসভার ৩ নম্বর সংরক্ষিত (৭, ৮, ৯) কাউন্সিলর পদে আমেনা বেগম নির্বাচিত হয়েছেন। এখানে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।
এ ছাড়া বোরহানউদ্দিন পৌরসভায় খালেদা বেগম সংরক্ষিত ৩ নম্বর (৭, ৮, ৯) কাউন্সিলর নির্বাচিত হন। এখানে একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও পরে বাতিল হয়ে যায়। এ পৌরসভায় ৮ নম্বর ওয়ার্ডে আবদুল কাদের নির্বাচিত হয়েছেন। এখানে অন্য প্রার্থীদের মনোনয়নপত্র আগেই বাতিল হয়ে যায়।
এদিকে টাঙ্গাইল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে সাইফুজ্জামান সোহেল ও ১৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। ১৩ নম্বর ওয়ার্ডে সাইফুজ্জামান, বর্তমান কাউন্সিলর হযরত খানসহ মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বর্তমান কাউন্সিলর হযরত খানসহ তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাইফুজ্জামান কাউন্সিলর নির্বাচিত হন।
অপরদিকে, ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে হাফিজুর রহমান স্বপন ও তাঁর ছোট ভাই ফয়সাল আহমেদ শামীম মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ফয়সাল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ কারণে হাফিজুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হন।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন বলেন, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১৩ নম্বর ওয়ার্ডে সাইফুজ্জামান ও ১৬ নম্বর ওয়ার্ডে হাফিজুর রহমান কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।