বিনা প্রশ্নে কালোটাকার বিনিয়োগ সুবিধা চায় রিহ্যাব
দেশের আবাসন খাতকে চাঙা করতে আবারও বিনা প্রশ্নে কালোটাকা বা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুবিধা চাইল রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল হক রিহ্যাবের প্রতিনিধি হিসেবে এ দাবি করেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী রিহ্যাবের শীতকালীন আবাসন মেলা শুরু হচ্ছে আগামী বুধবার। এ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে রিহ্যাব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি ও মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান রবিউল হক বলেন, ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির (জিএফআই) প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালে বাংলাদেশ থেকে ৭৬ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, যা ২০১২ সালের চেয়ে ৩৪ শতাংশ বেশি। সরকার গত অর্থবছরের বাজেটে আবাসনশিল্পে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিলেও অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করার সুযোগ রাখা হয়। এ জন্যই অপ্রদর্শিত অর্থ ব্যাপক হারে পাচার হয়ে যাচ্ছে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অপ্রদর্শিত অর্থ যাতে কোনো প্রশ্ন ছাড়াই বিনিয়োগ করা যায়, সে দাবি জানাই।’
রবিউল হক বলেন, কয়েক বছর ধরে নীতিনির্ধারণী কিছু সমস্যার কারণে আবাসন খাত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ক্রেতাদের জন্য এক অঙ্কের সুদহারে দীর্ঘমেয়াদি ঋণের অভাব, গ্যাস-সংযোগ বন্ধের সিদ্ধান্ত, সৌরবিদ্যুৎ, শর্তযুক্ত বিদ্যুৎ সংযোগ এবং সেবা প্রদানকারী সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে আবাসনশিল্পে বিনিয়োগে মানুষ আগ্রহ হারাচ্ছে। এতে আবাসন খাতের সংশ্লিষ্ট উপখাতগুলোও দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব মিলিয়ে এই খাত থেকে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ কমছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণে ক্রেতাদের জন্য একটি বিশেষ তহবিলেরও দাবি জানান রবিউল হক।
মেলায় ক্রেতারা যাতে আবাসন প্রতিষ্ঠানের কোনো প্রকল্পে প্রতারিত না হন সে ব্যাপারে কী ব্যবস্থা থাকবে, এমন প্রশ্নের জবাবে রবিউল হক বলেন, মেলায় কোনো প্রতিষ্ঠান অনুমোদিত প্রকল্প প্রদর্শন করতে পারবে না। বিষয়টি নিশ্চিত করতে রিহ্যাবের পরিদর্শক দল থাকবে। এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি দল সব সময় তদারকি করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পাঁচ দিনব্যাপী রিহ্যাবের আবাসন মেলায় দেড় শতাধিক স্টল থাকবে। আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ভবন নির্মাণ সামগ্রী ও আর্থিক প্রতিষ্ঠানের স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯ পর্যন্ত টিকিট কিনে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। একবার প্রবেশের জন্য ৫০ টাকা এবং পাঁচবার প্রবেশের জন্য টিকিটের মূল্য ১০০ টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, মেলা কমিটির কো-চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, পরিচালক শাকিল কামাল চৌধুরী।