বিনা পয়সায় সংগীত শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রবীণ সংগীতজ্ঞ পণ্ডিত রামকানাই দাশ। তাঁর সুরেলা কণ্ঠের জাদুতে মুগ্ধ দর্শক-শ্রোতা। দেশের অনেক খ্যাতনামা শিল্পীও তাঁর কাছে তালিম নিয়েছেন। বিভিন্ন বয়সের অনেক নারী ও পুরুষও তাঁর কাছে সংগীত শিখতে আগ্রহী। সেই গুণী মানুষটিই এবার বিনা পয়সায় গান শেখাচ্ছেন দরিদ্র ও ছিন্নমূল শিশুদের।
রামকানাই দাশ জানান, আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে দেশে অরাজকতা বেড়েছে। দেশীয় সংস্কৃতির বদৌলতে বিদেশি অপসংস্কৃতি তরুণ প্রজন্মকে বিভ্রান্ত ও পথভ্রষ্ট করছে। এতে করে দেশীয় সংস্কৃতির বিকাশ সুষ্ঠুভাবে হচ্ছে না। দরিদ্র পরিবারের সদস্যরা ছেলেমেয়েদের দেশীয় সংস্কৃতির চর্চা দানে আগ্রহ থাকলেও টাকার অভাবে তা পারছেন না। এ কারণেই তিনি হতদরিদ্র ও ছিন্নমূল শিশুদের বিনা পয়সার গান শেখানোর পদক্ষেপ নিয়েছেন।
সিলেট নগরের করেরপাড়া এলাকায় রামকানাই দাশের বাসায়ই কার্যক্রমের শুরু। এখানেই গত বছরের ১৪ ডিসেম্বর শুরু হয় তাঁর ‘বিনা পয়সায় সংগীত শিক্ষা’ প্রতিষ্ঠানের যাত্রা। সংগীত পরিষদের তত্ত্বাবধায়নে পরিচালিত এই প্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতা হচ্ছে—গান শিখতে ইচ্ছুক দরিদ্র ও ছিন্নমূল পরিবারের সন্তান। শুরুর দিকে এক-দুজন করে শিক্ষার্থী ভর্তি হতে শুরু করে। বর্তমানে শাপলা ও টাইগার দুই দলে বিভক্ত প্রায় অর্ধশতাধিক শিশু গান শিখছে।
রামকানাই জানান, প্রতি শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে ক্লাস শুরু হয়। শিশুদের মর্জির ওপর নির্ভর করে তাদের ছুটি দেওয়া হয়। গানের পর্ব শেষে চলে নৈতিক শিক্ষার পাঠদান পর্ব। এ পর্বে শিশুদের সৎ ও সত্যবাদী হওয়ার পরামর্শ দেওয়া হয়। ছুটির আগে রয়েছে বাধ্যতামূলক ফলাহার।
খুদে শিল্পীরা জানায়, বৃষ্টি হলে ঘরের ভেতর এবং আবহাওয়া ভালো থাকলে বাড়ির উঠানে গালিচা (কার্পেট) বিছিয়ে প্রাকৃতিক পরিবেশে সংগীত শিক্ষার চর্চা চলে।
সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম বলেন, হতদরিদ্র প্রাকৃতজনের সন্তানদের সংগীত শিক্ষায় নিজেকে বিলিয়ে দিয়েছেন পণ্ডিত রামকানাই। তিনি যেমন লোকগানের চর্চা করছেন, তেমনই সমানতালে গরিবদের ছেলেমেয়েদের জন্য চালু করেছেন বিনে পয়সায় গানের ক্লাস। এটা মাটির সন্তান রামকানাইকেই মানায়।