
বিনা বিচারে ও ষড়যন্ত্রমূলক মামলায় অনেক দরিদ্র নারী কারাগারে বন্দী আছেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি আইনজীবীদের বছরে এ ধরনের অন্তত একটি বা দুটি মামলা পরিচালনার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
নারীর প্রতি সহিংসতা-বিষয়ক যুগান্তকারী রায়: বাংলাদেশ, ভারত, পাকিস্তান বইটি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। সবাই যেন সহজেই পড়ে বুঝতে পারেন, সে জন্য অনুষ্ঠানে প্রধান বিচারপতি বইটি বাংলায় অনুবাদের তাগিদ দেন।
প্রধান বিচারপতি বলেন, আইন অনুযায়ী কারও চরিত্র নিয়ে প্রশ্ন উত্থাপনের অধিকার নেই। কিন্তু ধর্ষণের ক্ষেত্রে নির্যাতনের শিকার নারীকে আসামিপক্ষ তার চরিত্র নিয়ে প্রশ্ন করতে পারে। ভারতের একটি আদালতে জেরার মুখে এক নারী মারা যান। মানবাধিকার কর্মীদের আন্দোলনের মুখে বিষয়টির পরিবর্তন হয়। বাংলাদেশেও এর পরিবর্তন হওয়া দরকার। তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর সিলেট কারাগারে গিয়ে তিনি অন্যায়ভাবে মামলায় জড়ানো নারীদের দেখেছেন। গাজীপুরের একটি কেন্দ্রেও ৫৪ ধারায় আটক নারীরা আছেন। তিনি মুম্বাইতে আটকে থাকা নারীদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতেও মানবাধিকারকর্মীদের প্রতি আহ্বান জানান।
দেশে নারী নির্যাতন রোধে কঠিন থেকে কঠিনতর আইন আছে বলে উল্লেখ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা।
বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, বিয়ের বয়স ১৮ থেকে কমানোর অর্থ নিজের পায়ে নিজে কুড়াল মারা। ১৮ বছর বয়সের আগ কোনো নারীর শিক্ষা শেষ হয় না। এ ক্ষেত্রে তার ক্ষমতায়নও হয় না। বিচারপতি ইমান আলী ‘ফ্রি এডুকেশন’ কতটা ‘ফ্রি’ তা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর মতে, শুধু বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করলেই সবাই অবৈতনিক শিক্ষা পাচ্ছে, এমনটি বলা যাবে না। কারণ, প্রত্যেককে জামা-কাপড়, খাতা-কলম কিনতে হচ্ছে।
বইটির সারসংক্ষেপ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফৌজিয়া করিম। আরও বক্তব্য দেন আইনজীবী সিগমা হুদা ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।