বিনা বিচারে আটক থেকে কেউ যেন কষ্ট না পায়: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী  l প্রধানমন্ত্রীর কার্যালয়
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী l প্রধানমন্ত্রীর কার্যালয়

স্বাধীন বিচারব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে, যাতে কেউ বিনা বিচারে কারাগারে আটক থেকে কষ্ট না পায়। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় আইনগত সুবিধা প্রদান দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। আইন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে তাঁর সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তিনি বলেন, ‘অনেকে বিচার পায় না। অতীতে আইনগত সহায়তার কোনো ব্যবস্থা ছিল না। মানুষের সব মৌলিক অধিকারের পাশাপাশি বিচার পাওয়ার অধিকারও প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করছি।’
নিজেকে একজন বিচারবঞ্চিত ভুক্তভোগী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে আমাদের বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়। এমনকি খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি প্রদান, জনপ্রতিনিধি বানিয়ে পুরস্কৃত করা হয়েছিল।’
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে আইনগত সহায়তা জাতীয় হেল্পলাইন কল সেন্টারের উদ্বোধন করেন। এ হেল্পলাইনে (১৬৪৩০) ফোন করে জাতীয় আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার মাধ্যমে বিনা মূল্যে আইনি সহায়তা পাবেন স্বল্প আয়ের ও অসহায় বিচারপ্রার্থী নাগরিকেরা।
আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক। স্বাগত বক্তব্য দেন লিগ্যাল এইড সার্ভিসেসের পরিচালক মালিক আবদুল্লাহ আল আমিন। লিগ্যাল এইড সার্ভিসের সুবিধাপ্রাপ্ত দুজন ভুক্তভোগী নরসিংদীর শিউলী আক্তার এবং পোশাককর্মী রঞ্জিত কুমার রায় নন্দী তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে লিগ্যাল এইড সার্ভিসেসের ওপর একটি তথ্যচিত্রও পরিবেশিত হয়। পরে প্রধানমন্ত্রী সুইচ টিপে এবং কল সেন্টারের হেল্পলাইনে ফোন করে একজন ভুক্তভোগী হিসেবে আইনগত সুবিধা পাওয়ার ক্ষেত্রগুলো অবগত হওয়ার মাধ্যমে হেল্পলাইনটি উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, বিচার চাওয়ার অধিকার সবারই রয়েছে। সমাজের অবহেলিত-নিম্নবিত্ত মানুষেরা কেন বিচার চাওয়ার অধিকার পাবে না?
প্রধানমন্ত্রী বলেন, ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ। এ জন্য “জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা” ছাড়াও জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করেছি। এ দুটি প্রতিষ্ঠানই আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।’
প্রধানমন্ত্রী বলেন, সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সব জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি করা হয়েছে। প্রতিটা জেলায় একটি করে স্থায়ী ‘লিগ্যাল এইড অফিস’ স্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি আইনি সেবার মানোন্নয়নে সহায়তা প্রদান’ প্রকল্পের আওতায় সম্পূর্ণ সরকারি অর্থায়নে জাতীয় হেল্পলাইন কল সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে ২৪ ঘণ্টা যে কেউ বিনা মূল্যে আইনগত সেবা নিতে পারবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে সরকারি আইন সহায়তা কার্যক্রমের বিস্তার ঘটিয়ে এটিকে স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান, দাতাগোষ্ঠী, আইনজীবী, বিচারকসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।