বিনা বিচারে কারাগারে রাখার কারণে দায়ীদের শাস্তি হবে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে বিনা বিচারে কারাগারে রাখার কারণে দায়ী ব্যক্তিদের জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তাদের শাস্তিও পেতে হবে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত ‘মানবাধিকার পদক ২০১৬’ প্রদান অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আজ রোববার দুপুর সাড়ে ১২টায় পদক প্রদান করা হয়। এবারের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ‘কোনো একজনের মানবাধিকারের জন্য পাশে দাঁড়ান’।

যাঁরা দীর্ঘদিন ধরে বিনা বিচারে কারাগারে আছেন বা কারাভোগ করছেন, এর দায় কার—এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘দেখেন, কোনো একজনকে দায়ী করা যায় না। সামগ্রিকভাবে অনেক সময় পদক্ষেপের জন্য বা আইন না জানার জন্য অনেকে পদক্ষেপ থেকে বিরত থাকেন। কিন্তু আমি সেটা দায় বলব না। অনেক সময় ভুলবশত কারণে কারাগারে থাকতে হয়। আমার কথা হচ্ছে, যাঁরা এই কারণে দায়ী থাকবেন, তাঁদের জবাবদিহি করতে হবে, শাস্তি হবে। আর এই বার্তাটা ছড়াতে হবে। তাহলেই বিনা বিচারে আটক থাকার মানুষ অনেক কমে যাবে।’

অনুষ্ঠানে আনিসুল হক বলেন, আজকের বাস্তবতা হলো সরকার বিচার বিভাগের কোনো বিচারিক কাজে হস্তক্ষেপ করে না। আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, জনগণ যাতে জানার অধিকার পায় এ জন্য তথ্য অধিকার আইন করা হয়েছে। গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করছে। জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করছে। মানুষের অধিকার রক্ষায় যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নিচ্ছে।

মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা সরকার ভাবছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইন করার ব্যাপারে খসড়া চলছে।’

অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, বাংলাদেশ উন্নয়নের অনেক সূচকে এগিয়ে গেলেও মানবাধিকার রক্ষার সূচকে পিছিয়ে আছে।

মানুষের জন্য ফাউন্ডেশন দেশের তৃণমূল পর্যায়ে কাজ করা নিভৃতচারী মানবাধিকারকর্মীদের কাজের জন্য স্বীকৃতি দিয়ে থাকে। অনুষ্ঠানে এ বছর ১০ জন মানবাধিকারকর্মীর হাতে পদক ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে কথাসাহিত্যিক সেলিনা হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, নির্বাহী পরিচালক শাহীন আনাম ও ডিএফআইডি বাংলাদেশের প্রতিনিধি জেইন এডমন্ডসন প্রমুখ বক্তব্য দেন।

মানবাধিকার পদক পেলেন যাঁরা

টাঙ্গাইলের করটিয়ার মোছাম্মৎ রাজেদা আক্তার, দিনাজপুর সদরের সাবিনা ইয়াসমিন, কিশোরগঞ্জের মোছাম্মৎ চম্পা বেগম, দিনাজপুর চিরিরবন্দরের মমেজা বেগম, গাইবান্ধার অঞ্জলী রানী দেবী, বান্দরবানের লামার উথোয়াইং গ্য মারমা, নেত্রকোনার আটপাড়ার মোছাম্মাৎ ফৌজিয়া নাসরিন, কুষ্টিয়ার কুমারখালীর ফিরোজা বেগম, ঝিনাইদহ সদরের মোছাম্মৎ আলেয়া বেগম ও শ্যামলী বসু।