বিনা বিচারে কারাগারে রাখার জন্য দায়ীদের শাস্তি হবে: আইনমন্ত্রী
দীর্ঘদিন ধরে বিনা বিচারে কারাগারে রাখার কারণে দায়ী ব্যক্তিদের জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তাঁদের শাস্তিও পেতে হবে।
রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘মানবাধিকার পদক ২০১৬’ প্রদান অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মানুষের জন্য ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আনিসুল হক বলেন, সরকার বিচার বিভাগের কোনো বিচারিক কাজে হস্তক্ষেপ করে না। আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জনগণ যাতে জানার অধিকার পায়, এ জন্য তথ্য অধিকার আইন করা হয়েছে। গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করছে। জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করছে।
অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, বাংলাদেশ উন্নয়নের অনেক সূচকে এগিয়ে গেলেও মানবাধিকার রক্ষার সূচকে পিছিয়ে আছে। মানুষের জন্য ফাউন্ডেশন দেশের তৃণমূল পর্যায়ে কাজ করা নিভৃতচারী মানবাধিকারকর্মীদের কাজের জন্য স্বীকৃতি দিয়ে থাকে। অনুষ্ঠানে এ বছর ১০ জন মানবাধিকারকর্মীর হাতে পদক ও সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে কথাসাহিত্যিক সেলিনা হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, নির্বাহী পরিচালক শাহীন আনাম, ডিএফআইডি বাংলাদেশের প্রতিনিধি জেইন এডমন্ডসন প্রমুখ বক্তব্য দেন।
মানবাধিকার পদক পেলেন যাঁরা: প্রান্তিক লোকজনের মানবাধিকার রক্ষার জন্য টাঙ্গাইলের করটিয়ার রাজেদা আক্তার, দিনাজপুর সদরের সাবিনা ইয়াসমিন, কিশোরগঞ্জের চম্পা বেগম, দিনাজপুর চিরিরবন্দরের মমেজা বেগম, গাইবান্ধার অঞ্জলী রানী দেবী, বান্দরবানের লামার উথোয়াইং গ্য মারমা, নেত্রকোনার আটপাড়ার ফৌজিয়া নাসরিন, কুষ্টিয়ার কুমারখালীর ফিরোজা বেগম এবং ঝিনাইদহ সদরের আলেয়া বেগম ও শ্যামলী বসুকে এ বছর মানবাধিকার পুরস্কার দেওয়া হয়।