বিনা বিচারে কারাবন্দী মুক্তিযোদ্ধা!
দামুড়হুদা উপজেলার বুইচিতলা গ্রামের মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ওরফে নজির আহাম্মদ (৭১) বিনা বিচারে চুয়াডাঙ্গা কারাগারে বন্দী রয়েছেন। তাঁর বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় সাজাভোগ শেষ হলেও তিন দশক আগের অন্য পাঁচটি মামলায় তাঁকে বন্দী রাখা হয়েছে।তবে, ২০০৭ সালে গ্রেপ্তারের পর আলোচিত মামলাগুলোতে একবারও তাঁকে আদালতে হাজির করা হয়নি। মামলাগুলো নিষ্পত্তি না হওয়ায় তাঁর মুক্তির বিষয়টিও ঝুলে পড়েছে।কারা তত্ত্বাবধায়ক গোলাম হোসেন জানান, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তাঁর ডাকনাম নজির আহাম্মদ নামেই কারাগারে বন্দী রয়েছেন। তাঁকে ছয়টি মামলার অন্তর্বর্তী পরোয়ানাসহ ২০০৭ সালের ২ জুলাই নির্বাহী ম্যাজিস্ট্রেট আমলি আদালত ‘খ’ অঞ্চল চুয়াডাঙ্গার মাধ্যমে কারাগারে পাওয়া যায়। পরোয়ানাগুলোতে পরবর্তী হাজিরার তারিখের স্থানে ‘তলবমতে’ উল্লেখ আছে। এদিকে ২০০৭ সালের ৯ আগস্ট ওই বন্দীর অনুকূলে জিআর মামলায় এক বছর ছয় মাসের কারাদণ্ডের সাজার পরোয়ানা পাওয়া যায়। ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর ওই কারাভোগ শেষ হয়েছে। এ ছাড়া ১৯৭৯ সালের জি আর মামলায় চুয়াডাঙ্গার সহকারী দায়রা জজ প্রথম আদালতের দেওয়া চার বছরের সশ্রম কারাদণ্ড ভোগও চলতি বছরের ৩১ জানুয়ারি শেষ করেছেন তিনি। দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় করা পাঁচটি মামলায় হাজতের পরোয়ানামূলে ২০০৭ সালের ২ জুলাই থেকে তাঁকে কারাগারে আটক রাখা হয়েছে। কিন্তু মামলাগুলো নিষ্পত্তির জন্য গত চার বছরে এক দিনের জন্যও আদালতে হাজির করা হয়নি।মুক্তিযোদ্ধা আলাউদ্দিন দীর্ঘদিন কারাবন্দী থাকায় তাঁর অসুস্থ স্ত্রী বিনা চিকিৎসায় ভুগছেন। বর্তমানে মেয়ের জামাইয়ের বাড়িতে আছেন। বৃদ্ধা স্ত্রী হালিমা বেগম (৬৫), ছেলে আবদুস সালাম ও মেয়ে শিউলী খাতুন জানান, মুক্তিযোদ্ধা আলাউদ্দিনকে কারামুক্ত করতে দ্বারে দ্বারে ঘুরছেন তাঁরা। জামাতা রেজাউল জানান, শ্বশুরের মুক্তির জন্য গরু ছাগল হাঁস মুরগি বিক্রি করে প্রায় ৫০ হাজার টাকা এরই মধ্যে বিভিন্ন ব্যক্তিকে দিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দর্শনা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার আলাউদ্দিন ওরফে নজিরের সহযোদ্ধা লিয়াকত আলী জানান, ১৯৭১ সালে যু্দ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ভারতের বানপুর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ এলাকায় ফিরে আসেন এবং সরাসরি যুদ্ধে যোগ দেন।কুড়ুলগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদ জানান, নজির আহাম্মদ গ্রাম্য চক্রান্তের শিকার।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দামুড়হুদা উপজেলা ইউনিট কমান্ডার আসিরউদ্দিন জানান, স্থানীয় প্রশাসন ও জজকোর্টের পিপির কাছে আলাউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু মামলার নথিপত্রই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না।চুয়াডাঙ্গা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলমগীর হোসেন জানান, মামলাগুলো বহু পুরোনো। তাই মামলার নথিপত্র হাতে পেতে একটু সময় লাগছে।জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা জহুরুল হায়দার জানান, কারা কর্তৃপক্ষের কাছ থেকে মুক্তিযোদ্ধা নজির আহাম্মদের আটক থাকার বিষয়টি তিনি জেনেছেন। মামলাগুলো ১৯৭৯ ও ১৯৮০ সালের, সেগুলোর নথিপত্র খোঁজা হচ্ছে।জেলা ম্যাজিস্ট্রেট ভোলানাথ দে জানান, বিষয়টি আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হওয়া উচিত।