বিনা বিচারে বন্দী চার নারীকে আদালতে হাজির করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক চার হত্যা মামলায় বিনা বিচারে বন্দী চার নারীকে আগামী ১৬ জানুয়ারি আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।

ওই চার নারীকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি মামলা চারটির নথিও তলব করেছেন উচ্চ আদালত। চার নারীর মধ্যে সাত বছর ধরে তিনজন এবং একজন আট বছর ধরে বন্দী আছেন। এখনো নিষ্পত্তি হয়নি এ চার মামলার বিচার। তাঁরা কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আছেন।

বিনা বিচারে ওই চার নারীর বন্দী থাকার তথ্য আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য ও আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহিদুল ইসলাম খান। পরে আইনুন্নাহার সিদ্দিকা প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস থেকে বিনা বিচারে আটক বন্দীদের তালিকা চেয়ে কারা কর্তৃপক্ষ বরাবরে চিঠি পাঠানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কাশিমপুর কারাগার থেকে তথ্য পাঠানো হয়। তথ্য নজরে আনা হলে আদালত ওই আদেশ দেন।

নথিপত্রে দেখা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ধর্মগঞ্জের সুমী আক্তার রেশমা ২০০৮ সালে রাজধানীর শ্যামপুর থানায় হওয়া একটি হত্যা মামলায় ২০০৯ সালের ১৫ জানুয়ারি থেকে কারাগারে আছেন। ঢাকার মহানগর অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে বিচারাধীন এই মামলায় তাঁকে ৫০ বার হাজির করা হয়। সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির করা হয়।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইলমদি গ্রামের শাহনাজ বেগম দোহার থানায় ২০০৮ সালে করা একটি হত্যা মামলায় একই বছরের ১৬ সেপ্টেম্বর থেকে কারাগারে আছেন। বর্তমানে মামলাটি ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ অষ্টম আদালতে বিচারাধীন। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭৬ বার তাঁকে আদালতে হাজির করা হয়।

২০০৯ সালে তুরাগ থানায় করা এক হত্যা মামলায় গাজীপুরের টঙ্গী থানার বেদেবহর এলাকার রাজিয়া সুলতানা ওই বছরের ২১ মে থেকে কারাগারে আছেন। ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে বিচারাধীন ওই মামলায় ৬০ বার তাঁকে আদালতে হাজির করা হয়। তাঁকে চলতি বছরের ৯ আগস্ট আদালতে হাজির করা হয়।

ময়মনসিংহের রানী ওরফে নূপুর ২০০৯ সালে রমনা থানায় করা এক হত্যা মামলায় ওই বছরের ২১ নভেম্বর থেকে কারাগারে আছেন। ঢাকার বিশেষ জজ আদালত-৮-এ থাকা এই মামলায় তাঁকে ৬৫ বার আদালতে হাজির করা হয়। সর্বশেষ চলতি বছরের ২১ আগস্ট নূপুরকে আদালতে হাজির করা হয়।