বিনা বিচারে মান্নাকে জেলে রাখা মৌলিক অধিকারের লঙ্ঘন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না

বিনা বিচারে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে এক বছরেরও বেশি সময় ধরে জেলে রাখাকে মানবাধিকার ও মৌলিক অধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তাঁরা অবিলম্বে মান্নার জামিন অথবা তাঁর বিচার কার্যক্রম শেষ করার দাবি জানিয়েছেন।
নাগরিক ঐক্যের চার বছর পূর্তিতে মান্নার মুক্তি দাবি করে আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনটি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। মান্নাকে গ্রেপ্তারের পর একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্যোগ থেমে যাওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমালোচনাও করেন তাঁরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এ এস এম আকরাম।
সভায় গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ন্যায়বিচারের দাবিতে মানুষকে সোচ্চার করতে হবে। মান্নার সঙ্গে যা হচ্ছে, তা মৌলিক অধিকারের পরিপন্থী। এমন ঘটনা আরও সাংবাদিক, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধেও হচ্ছে। এ সবকিছুর ব্যাপার সোচ্চার হতে হবে।’
বিএনপির সমালোচনা করে জাফরুল্লাহ বলেন, ‘ঘরের কোনায় দলটি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করছে। অথচ বিএনপির আরও সক্রিয় হওয়া উচিত ছিল।’
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘মান্নার গ্রেপ্তারে ঐক্যবদ্ধ আন্দোলন ও বাক্স্বাধীনতা মুখ থুবড়ে পড়েছে। সরকারের কাছে সুবিচার পাব, আশা করি না। তবে আদালতের কাছে সুবিচার পাব, এমন আশা আছে।’ তিনি বলেন, ‘এ মামলাটি এতটাই ভুয়া, ১৫ মাসেও চার্জশিট দিতে পারেনি।’

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘নানা কারণে মান্নার উদ্যোগ থাকা সত্ত্বেও ঐক্য গড়ে তোলা যায়নি। এই ঐক্য প্রায় হয়েই গিয়েছিল। কিন্তু হেফাজতের কর্মসূচি চলাকালে কেউ কেউ তাদের পানি খাওয়াতে যাওয়ার কারণে সেটা ভেস্তে যায়।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন বলেন, ‘বাংলাদেশে ফিদেল কাস্ত্রোর মতো বিপ্লব করলে চলবে না। মান্নাকে বিনা বিচারে আটক রাখা হয়েছে, এটা অন্যায়। তাঁর বিরুদ্ধে এখনো অভিযোগপত্র পর্যন্ত দেওয়া হয়নি। এভাবে বিনা বিচারে আটকে রাখা মোটেই আইনের শাসন সমর্থন করে না।’ তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘হয় মান্নার বিচার কাজ শেষ করুন, নয় তো তাঁকে জামিন দেন। জামিন পাওয়া মান্নার অধিকার।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সরকার গণতন্ত্র ও সুশাসনকে নির্বাসনে পাঠিয়ে লুটপাটের জন্য চোখ ধাঁধানো বাজেট দিয়েছে। এই বাজেটের উদ্দেশ্য হলো লুটপাট।’ তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন এখন মহা তামাশায় পরিণত হয়েছে।