বিনা বিচারে মুক্তিযোদ্ধা কারাবন্দী এক বছর
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বুইচিতলা গ্রামের মুক্তিযোদ্ধা নজির আহামঞ্চদ (৭২) প্রায় এক বছর ধরে বিনা বিচারে জেলা কারাগারে বন্দী রয়েছেন। তাঁর বিরুদ্ধে চারটি মামলা থাকলেও কর্তৃপক্ষ দুটি মামলার নথিপত্র খুঁজে পাচ্ছেন না।জানা গেছে, নজির আহামঞ্চদ কারাগারে হূদেরাগ, মাথার যন্ত্রণা ও অণ্ডকোষে টিউমার রোগে ভুগছেন। অন্যদিকে, তাঁর স্ত্রী হালিমা বেগম (৬৬) অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মানবেতর জীবন যাপন করছেন। তিনি উপজেলার ফুলবাড়ি গ্রামে মেয়ের বাড়ি বসবাস করছেন।ছেলে আবদুস সালাম ও মেয়ে শিউলী খাতুন জানান, তাঁরা তাঁদের বাবাকে কারামুক্ত করতে দ্বারে দ্বারে ঘুরছেন।জামাতা রেজাউল বলেন, ‘শ্বশুরের মুক্তির জন্য প্রায় ৫০-৬০ হাজার টাকা এরই মধ্যে বিভিন্নজনকে দিয়েছি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।’চুয়াডাঙ্গার কারা তত্ত্বাবধায়ক গোলাম হোসেন জানান, মুক্তিযোদ্ধা নজির আহামঞ্চদ ২০০৭ সালের ২ জুলাই থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে আটক রয়েছেন। এ পর্যন্ত তাঁকে এক দিনের জন্যও আদালতে হাজির করা হয়নি।২০০৭ সালের ৯ আগস্ট একটি মামলায় (জিআর- ৮৭/০২) তাঁর এক বছর ছয় মাসের কারাদণ্ড হয়। ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর এ সাজার মেয়াদ শেষ হয়েছে। এ ছাড়া ১৯৭৯ সালের আরেকটি মামলায় (জিআর-৪২১/৭৯) তাঁর পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয়। এ সাজা ভোগের মেয়াদও গত বছরের ৩১ জানুয়ারি শেষ হয়েছে। তবে অন্য দুটি মামলার নথিপত্র পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মামলা দুটির নথিপত্র চেয়ে একাধিকবার কর্তৃপক্ষের কাছে পত্র দেওয়া হয়েছে। সর্বশেষ ১৫ মার্চ চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজকে একটি পত্র দেওয়া হয়েছে। এর অনুলিপি কুষ্টিয়া জেলা ও দায়রা জজ, চুয়াডাঙ্গা জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়ার সহকারী দায়রা জজ প্রথম আদালত, চুয়াডাঙ্গার পাবলিক প্রসিকিউটরকে (পিপি) ও কোর্ট পুলিশ পরিদর্শককে দেওয়া হয়েছে।কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কার্যালয় থেকে জানানো হয়েছে, ১৯৮৪ সালে চুয়াডাঙ্গা জেলা হওয়ার পর পরই এ দুটি মামলার নথিপত্র চুয়াডাঙ্গা জজশিপে পাঠানো হয়েছে। এর একটিতে কুষ্টিয়ার সহকারী দায়রা জজ আদালত ১৯৮৪ সালের ২৭ মে ওই মুক্তিযোদ্ধাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ডাদেশ দেন। অন্যটি (জিআর-৩০৪/৮০, সেশন মামলা নং- ১২৩/৮১) কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে নিবন্ধিত হওয়ার পর কুষ্টিয়ার সহকারী দায়রা জজ আদালতে বদলি করা হয়।চুয়াডাঙ্গা জজ আদালতের সরকারী কৌঁসুলি (পিপি) আলমগীর হোসেন বলেন, ‘কারা তত্ত্বাবধায়কের দেওয়া পত্র পেয়েছি এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’