বিনা বিচারে ১১ বছর জেলে থাকার পর মুক্তি
১১ বছর বিনা বিচারে জেলে থাকার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের দেওয়া জামিন আদেশ কারাগারে পৌঁছালে তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া ব্যক্তির নাম মো. হারুন (২৭)। তিনি রংপুরের মিঠাপুকুর এলাকার বাসিন্দা। হারুন পেশায় দিনমজুর। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘জননিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় ২০০১ সালের ৫ মার্চ হারুনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। ২০০২ সালের ২৩ জানুয়ারির পর আর হাজিরা না থাকায় তাঁকে আদালতে হাজির করা হয়নি।’ সূত্র জানায়, ৫ জুন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান হাইকোর্টের একটি বেঞ্চে হারুনের জামিন আবেদন করেন। এলিনা খান প্রথম আলোকে বলেন, শুনানির পর ওই দিন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ হারুনের ছয় মাসের জামিন মঞ্জুর করেন। গতকাল দুপুরে মুক্তি পাওয়ার পর বড় ভাই আবদুল হালিমকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন হারুন। উল্লেখ্য, ২০০১ সালের ৩ মার্চ নগরের খুলশি থানার ফয়’স লেক এলাকা থেকে পুলিশ হারুনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে জননিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলার আসামি করা হয়।