বিনা বিচারে ১৬ বছর বন্দী অবশেষে জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ বছর আগের অনিষ্পন্ন একটি হত্যা মামলায় ১৬ বছর ধরে বিনা বিচারে কারাগারে থাকা মো. শিপন জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই হত্যা মামলা নিষ্পন্ন না হওয়া পর্যন্ত তাঁকে জামিন দেন। এর ফলে বিনা বিচারে বন্দী শিপন হাইকোর্টের হস্তক্ষেপে জামিনে মুক্তি পেতে যাচ্ছেন।
হাইকোর্টের আদেশ হাতে পাওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে রাজধানীর সূত্রাপুর থানায় করা ওই মামলা নিষ্পত্তি করারও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ঢাকার বিচারিক আদালতের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।
আদালত বলেছেন, সংবিধান অনুসারে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে এ ক্ষেত্রে রাষ্ট্র ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যর্থ হয়েছেন। বিচার বিভাগও এর দায় এড়াতে পারে না। এটি সবার জন্যই লজ্জাকর।
আদেশে আদালত জামিননামা দাখিলসহ শিপনকে সব ধরনের আইনগত সহায়তা দিতে ঢাকার লিগ্যাল এইড কার্যালয়কে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কারাগার থেকে বেরুনোর পর যদি শিপন সামাজিক পুনর্বাসনের জন্য আবেদন করেন, তাহলে এর ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকার জেলা প্রশাসক ও সমাজকল্যাণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
২২ বছর ধরে মামলা নিষ্পত্তি না হওয়া এবং ১৬ বছর ধরে এক আসামির কারাগারে থাকা নিয়ে গত ২৬ অক্টোবর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারিত হয়। ৩০ অক্টোবর ওই প্রতিবেদনের অনুলিখন ও সিডি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে। সেদিন প্রতিবেদন বিবেচনায় নিয়ে হাইকোর্ট ওই হত্যা মামলার নথি তলব করেন। শিপনকে ৮ নভেম্বর আদালতে হাজির করতে কাশিমপুর কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। একই সঙ্গে তাঁকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেন। গতকাল শুনানি নিয়ে রুল যথাযথ ঘোষণা করে আদালত ওই আদেশ দেন। আদেশের আগে শিপনের বক্তব্য শোনেন।
আদালতে শিপন বলেন, ঘটনার পর বাদী তাঁকে বাড়ি থেকে ডেকে চোখ বেঁধে নিয়ে যান। এরপর তাঁর বাঁ হাতের কবজি কেটে দেন। শিপন বাঁ হাত উঁচিয়ে আদালতকে দেখান। আদালতের আরেক প্রশ্নের জবাবে শিপন বলেন, বিচারিক আদালতে তাঁর পক্ষে কোনো আইনজীবী নেই।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান। প্রতিবেদন নজরে আনা আইনজীবী কুমার দেবুল দে শুনানিতে অংশ নেন।
মামলার নথিপত্রে দেখা যায়, মাহতাব নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ১৯৯৪ সালের ২৫ অক্টোবর সূত্রাপুর থানায় মামলা হয়। পরের বছরের ১০ মে ৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলার ২ নম্বর আসামি মো. শিপন ২০০০ সালের ৭ নভেম্বর গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে আছেন। আদালত ২০০২ সালের ২৪ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ পর্যন্ত দুজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।