বিনা বিচারে ৫ ও ১০ বছর ধরে বন্দীদের তালিকা চেয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন কারাগারে ৫ ও ১০ বছরের বেশি সময় ধরে বিনা বিচারে আটক বন্দীদের আলাদা তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড অফিস। এই চিঠি সব কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার বা জেল সুপার বরাবর পাঠানো হয়েছে।

লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা রিপন পল স্কু প্রথম আলোকে বলেন, আজ বুধবার কেন্দ্রীয়, জেলা কারাগারসহ ৬৮টি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ও জেল সুপার বরাবরে ওই তালিকা দিতে চিঠি পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টে দরিদ্র ও অসহায় মানুষকে সরকারের পক্ষ থেকে বিনা পয়সায় আইনি সেবা প্রদানের বিষয়ে জানাতে দেশের সব জামে মসজিদে তথ্য পাঠাতে অনুরোধ জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবরে আরেকটি চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস। উচ্চ আদালতে গরিব, দুঃখী, সহায়-সম্বলহীন মানুষের কাছে রাষ্ট্রীয় আইনি সেবা পাওয়ার তথ্য পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এই চিঠি পাঠানো হয়।

জ্যেষ্ঠ জেল সুপার বা জেল সুপারের বরাবরে লেখা চিঠিতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম সূত্রে দেশের কয়েকটি কারাগারে বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধে বিনা বিচারে দীর্ঘ সময় ধরে আটক থাকার খবর দৃষ্টিগোচর হয়েছে। নিম্ন আদালতে বিচারের জন্য প্রস্তুত হওয়া এসব মামলা সাক্ষ্য গ্রহণসহ নানা কারণে দীর্ঘদিন ধরে অনিষ্পত্তি অবস্থায় রয়েছে। ফলে কার্যত সাজা হওয়ার আগেই আটক বন্দী দীর্ঘদিন ধরে কারাভোগ করেছেন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস দীর্ঘ সময় ধরে কারাগারে আটক এসব বন্দীর হালনাগাদ তথ্য জানতে ইচ্ছুক। আপনার কারাগারে নিম্ন আদালতের কার্যক্রম চলমান থাকার কারণে আটক বন্দীদের তালিকা প্রস্তুত করে (১০ বছরের ঊর্ধ্বে একটি তালিকা এবং ৫ বছরের ঊর্ধ্বে একটি তালিকা) সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে পাঠালে বিনা বিচারে আটক এসব বন্দীর আইনি সহায়তা দেওয়া সম্ভব হতো।’