বিনা বিচারে ৫ ও ১০ বছর ধরে বন্দীদের তালিকা চেয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন কারাগারে ১০ বছর ও ৫ বছরের বেশি সময় ধরে বিনা বিচারে আটক বন্দীদের আলাদা তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড অফিস। এই চিঠি সব কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার বা জেল সুপার বরাবরে পাঠানো হয়েছে।
লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা রিপন পল স্কু প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার কেন্দ্রীয়, জেলা কারাগারসহ ৬৮টি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ও জেল সুপার বরাবরে ওই তালিকা দিতে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে সুপ্রিম কোর্টে দরিদ্র ও অসহায় মানুষকে সরকারের পক্ষ থেকে বিনা পয়সায় আইনি সেবা প্রদানের বিষয়ে জানাতে দেশের সব জামে মসজিদে তথ্য পাঠাতে অনুরোধ জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবরে আরেকটি চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস। উচ্চ আদালতে গরিব, দুঃখী, সহায়-সম্বলহীন মানুষের কাছে রাষ্ট্রীয় আইনি সেবা পাওয়ার তথ্য পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এই চিঠি পাঠানো হয়।