বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টিতে সংসদে বিল
দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টির জন্য ‘প্রধানমন্ত্রীর শিক্ষা-সহায়তা ট্রাস্ট বিল-২০১২’ গতকাল সোমবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে বিলটি সাত দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, অনেক ছাত্রছাত্রী অর্থের অভাবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। ষষ্ঠ থেকে সম্মান শ্রেণী পর্যন্ত দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি, শিক্ষা কার্যক্রমে সরকারি-বেসরকারি সংস্থা ও সমাজের বিত্তশালীদের সম্পৃক্ত করা এবং ঝরে পড়া রোধসহ সব পর্যায়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর শিক্ষা-সহায়তা ট্রাস্ট আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত চারটি প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের উপবৃত্তি দেওয়া হচ্ছে। স্নাতক ও সম্মান পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প এ বছর থেকে চালু হবে। দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার কার্যক্রমকে টেকসই ও স্থায়ী রূপ দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা-সহায়তা ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।প্রস্তাবিত আইনে রয়েছে, ট্রাস্ট পরিচালনার জন্য ১৯ সদস্যের ট্রাস্টি বোর্ড ও একটি উপদেষ্টা পরিষদ গঠিত হবে। ট্রাস্টি বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক হবেন প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রী ট্রাস্টি বোর্ডের সভাপতি এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বোর্ডের সহসভাপতি হবেন। উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর নাম প্রস্তাব করা হয়েছে।ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট গঠন বিল: জনস্বাস্থ্য উন্নয়নে খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট গঠনের লক্ষ্যে ‘বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বিল-২০১২’ গতকাল উত্থাপন করা হয়েছে। বিলটি উত্থাপন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিলটি সাত দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দিতে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এটি আইন হিসেবে কার্যকর হলে পুষ্টি ও মানব সম্পদ উন্নয়ন বোর্ড গঠন-সংক্রান্ত রেজুলেশন রহিত হবে।প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ইনস্টিটিউটের প্রধান কার্যালয় হবে নারায়ণগঞ্জে। তবে প্রয়োজনে দেশের যেকোনো স্থানে এর আঞ্চলিক কার্যালয় স্থাপন করা যাবে। বিলের ছয় দফায় কৃষিমন্ত্রীকে চেয়ারম্যান, কৃষিসচিবকে ভাইস-চেয়ারম্যান করে ১৭ সদস্যের পরিচালনা বোর্ডের কথা বলা হয়েছে। বোর্ডের সদস্যদের মেয়াদকাল হবে তিন বছর।