বিনা ভাড়ায় ছাত্রলীগ নেত্রীদের ভ্রমণের আমন্ত্রণ রেলমন্ত্রীর
রেলপথমন্ত্রী মুজিবুল হক বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগ নেত্রীদের বিনা ভাড়ায় ট্রেনে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, ‘তোমরা যদি সারা দেশে ট্রেনে ভ্রমণ করতে চাও, তাহলে তোমাদের কোনো ভাড়া লাগবে না। আমি সব ব্যবস্থা করে দেব।’
আজ বুধবার কলেজ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হক এ আমন্ত্রণ জানান।
‘স্বাধীনতার ৪৩ বছর: বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় রেলপথমন্ত্রী বলেন, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরুন্নেসা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাবিনা ইয়াসমীন। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক আখতারুজ্জামান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে সাবিনা প্রথম আলোকে বলেন, রেলপথমন্ত্রী রসিকতা করে এসব বলেছেন।