বিনা ভাড়ায় ১০ মাস ধরে সরকারি বাসা ব্যবহার!
মৌলভীবাজারের জুড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রকৌশলী এস এম আনোয়ারুল হক তাঁর বেতন থেকে ভাড়া না কেটে ১০ মাস ধরে সরকারি বাসা ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। তিনি উপজেলা পরিষদের বাসা বরাদ্দ কমিটির সদস্যসচিবের দায়িত্বও পালন করছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এস এম আনোয়ারুল হক গত বছরের ২৭ অক্টোবর জুড়ীতে ভারপ্রাপ্ত প্রকৌশলী হিসেবে যোগদান করেন। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই উপজেলা পরিষদ চত্বরে গেজেটেড কর্মকর্তাদের জন্য নির্মিত সরকারি বাসভবন ‘মাধবী’র দ্বিতীয় তলার ৩/২ নম্বর ফ্ল্যাটে তিনি বসবাস শুরু করেন। আনোয়ারুল হকের মূল বেতন ১৭ হাজার ৮০০ টাকা। বাসাভাড়া ওই বেতনের ৪০ শতাংশ। সে হিসাবে ভাড়া হয় সাত হাজার ১২০ টাকা। নিয়মমতে, প্রতি মাসে বাসাভাড়ার টাকা কেটে বেতন উত্তোলন করতে হয়। কিন্তু যোগদানের পর থেকে গত আগস্ট মাস পর্যন্ত আনোয়ারুল বেতন থেকে ভাড়ার টাকা কেটে রাখেননি। ১০ মাসে তাঁর বাসা ভাড়া হয়েছে ৭১ হাজার ২০০ টাকা। একই সঙ্গে বাসায় ব্যবহূত গ্যাস ও বিদ্যুতের বিল হয়েছে প্রায় আট হাজার টাকা।সূত্র জানায়, হিসাবরক্ষণ কার্যালয় থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসাভাড়া উপজেলা পরিষদের নির্দিষ্ট হিসাব নম্বরের অনুকূলে ব্যাংকে জমা করা হয়।নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা ক্ষোভের সঙ্গে বলেন, ‘প্রতি মাসে বেতন থেকে বাসাভাড়া দিচ্ছি। অথচ এলজিইডির ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) ভাড়া দিচ্ছেন না। বাসা বরাদ্দ কমিটির সদস্যসচিব হওয়ায় তিনি ক্ষমতার অপব্যবহার করছেন।’১৫ সেপ্টেম্বর দুপুরে কার্যালয়ে না পেয়ে বাসায় গেলে এস এম আনোয়ারুল দরজা খুলে এ প্রতিবেদককে দেখে খেপে যান। তিনি প্রতিবেদকের উদ্দেশে বলেন, ‘শুনেছি অফিসে গিয়ে আমার ব্যাপারে তথ্য খুঁজছেন। আপনি কি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? আপনাকে কিছু বলা যাবে না।’বাসা বরাদ্দ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত প্রথম আলোকে জানান, বাসা বরাদ্দ পেতে আবেদন করতে হয়। আনোয়ারুল হক তা করেননি। বকেয়া ভাড়া ও গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধসহ বাসা বরাদ্দের জন্য আবেদন করতে তাঁকে মৌখিকভাবে বলা হয়েছে।জুড়ী উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা কুলাউড়ার হিসাবরক্ষণ কর্মকর্তা মুজিবুর রহমান জুড়ীর এলজিইডির ভারপ্রাপ্ত প্রকৌশলীর ১০ মাসের বাসাভাড়া বেতন থেকে কেটে না রাখার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে উপজেলা পরিষদের বাসা বরাদ্দ কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ভাড়া কর্তনের ব্যবস্থা নেওয়া হবে।