বিনা ভোটে জয়ের পথে তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে একজন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন। জেলার কুলাউড়া পৌরসভায়ও একজন সাধারণ কাউন্সিলর প্রার্থী জয়ের পথে রয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার যাচাই-বাছাইয়ে মৌলভীবাজার পৌরসভায় সংরক্ষিত-১ (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) আসনে ঋণখেলাপি হওয়ায় বর্তমান কাউন্সিলর তৃষ্ণা রানী পালের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বর্তমানে এ আসনে একক বৈধ প্রার্থী দিলারা রহমান। একই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী আবদুল মতিনের প্রস্তাবকারী ও সমর্থনকারীর সই না থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফলে বর্তমান কাউন্সিলর জালাল আহমদ ওই ওয়ার্ডের একক বৈধ প্রার্থী। কুলাউড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জ্যোতির্ময় দেবের সই না থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ওয়ার্ডে একক বৈধ প্রার্থী তানভির আহমদ। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এসব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।