চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সোনাকানিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী আবু তাহের মনোনয়নপত্র প্রত্যাহার করায় আওয়ামী লীগের নুর আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। ধর্মপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী আজিজুল হক সিকদার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সেখানে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী ছাড়া আর কেউ নেই।
উপজেলার নয়টি ইউনিয়নে সদস্য পদে ১৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। খাগরিয়া ইউনিয়নের ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে; নলুয়া ইউনিয়নে ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে; কাঞ্চনা ইউনিয়নে ১ নম্বর সাধারণ ওয়ার্ডে; আমিলাইষ ইউনিয়নে ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে ও ৩ নম্বর সাধারণ ওয়ার্ডে; এওচিয়া ইউনিয়নে ১ ও ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে এবং ১ ও ৯ নম্বর সাধারণ ওয়ার্ডে; পশ্চিম ঢেমশা ইউনিয়নে ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে; ধর্মপুর ইউনিয়নে ৮ ও ৯ নম্বর সাধারণ ওয়ার্ডে; ছদাহা ইউনিয়নে ৩ নম্বর সাধারণ ওয়ার্ডে; সদর ইউনিয়নে ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে ও ৯ নম্বর সাধারণ ওয়ার্ডে সদস্য প্রার্থী আছেন কেবল একজন করে। তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শেখ ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।