বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন আ.লীগের প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ছয়টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। বিএনপিসহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করায় এবং মনোনয়নপত্র বাতিল ও দাখিল না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে ধলাহার ইউনিয়নে আওয়ামী লীগের মো. ফয়েজ উদ্দিন ও দোগাছি ইউনিয়নে জহুরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন। আর কোনো প্রার্থী না থাকায় ওই দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন। ৬ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন আমদই ইউনিয়নে বিএনপিসহ স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় আওয়ামী লীগের শাহানুর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন গতকাল রোববার বম্বু, মোহাম্মদাবাদ ও পুরানাপৈল ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্রসহ পাঁচজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে বম্বু ইউনিয়নে আওয়ামী লীগের মোল্লা সামছুল আলম, মোহাম্মদাবাদ ইউনিয়নে আতাউর রহমান ও পুরানাপৈল ইউনিয়নে খোরশেদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
যে তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে সেগুলো হলো জামালপুর, চকবরকত ও ভাদসা ইউনিয়ন পরিষদ। জামালপুরে আওয়ামী লীগের প্রার্থী হাসানুজ্জামানের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মোরশেদ আলম, চকবরকত ইউনিয়নে আওয়ামী লীগের শাহজাহান আলীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মুকুল সরকার এবং ভাদসা ইউনিয়নে আওয়ামী লীগের হাতেম আলীর সঙ্গে বিএনপির ইসমাইল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান বলেন, বিএনপির প্রার্থীদের ভয় প্রদর্শন, জীবননাশের হুমকি ও মামলার ভয় দেখানোর কারণে নয়টি ইউনিয়নের মধ্যে আটটিতেই তাঁদের দলীয় প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি সাংগঠনিকভাবে এ জেলায় দুর্বল হয়ে পড়েছে। এ কারণে তারা নির্বাচন থেকে বিরত থাকছে।