
অতীতের যেকোনো ইউনিয়ন পরিষদের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। তারা বলছে, নির্বাচনের প্রথম চার ধাপে এখন পর্যন্ত নির্বাচনী সহিংসতায় ১০১ জন নিহত হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার রেকর্ডও হয়েছে এই নির্বাচনে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সুজন আয়োজিত ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬: রক্তক্ষয়ের রেকর্ড’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
সুজন মনে করে, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা এই কমিশনের পদত্যাগও দাবি করেছে। লিখিত বক্তব্যে সুজন দাবি করেছে, এর আগে ১৯৮৮ সালের নির্বাচন সবচেয়ে বেশি সহিংসতাপূর্ণ ও প্রাণঘাতী ছিল। ওই নির্বাচনে ৮০ জনের প্রাণহানি হয়। ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ইউপি নির্বাচনে ১০ জনের, ২০০৩ সালে বিএনপি সরকারের আমলে ২৩ এবং ১৯৯৭ সালে ৩১ জন মারা যান।
সুজন বলছে, এবার নিহত ব্যক্তিদের মধ্যে নির্বাচন-পূর্ব সংঘর্ষে ৪৫ জন, ভোটের দিন সংঘর্ষে ৩৬ এবং ভোটের পর সংঘর্ষে ২০ জন মারা গেছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক ৪০ জন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থক ১২, বিএনপির ২, জাতীয় পার্টির (জেপি) ১, জনসংহতি সমিতির ১ এবং স্বতন্ত্র প্রার্থীর ২ জন কর্মী নিহত হয়েছেন। বাকিদের মধ্যে সদস্য প্রার্থীর কর্মী-সমর্থক ৩১ জন, ১২ জন সাধারণ মানুষ। নিহত লোকদের মধ্যে চারজন নারী ও তিনটি শিশু, একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং তিনজন সদস্য প্রার্থী ছিলেন। চেয়ারম্যান পদে বিরোধেই প্রাণ গিয়েছে ৬৩ জনের।
প্রাণহানির কারণ সম্পর্কে সুজন বলছে, প্রতিযোগিতার মনোভাব না থাকা, যেকোনো মূল্যে জয়ী হওয়ার আকাঙ্ক্ষা নির্বাচনী সহিংসতার বড় কারণ।
বিনা প্রতিদ্বন্দ্বিতার রেকর্ড: এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার রেকর্ড হয়েছে। নির্বাচনে মোট ২১১ জন চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা সবাই ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী। এর আগে ১৯৮৮ সালে ১০০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া ১৯৯২ সালে ৪ জন, ১৯৯৭ সালে ৩৭ এবং ২০০৩ সালে ৩৪ জন বিনা ভোটে নির্বাচিত হন। ২০১১ সালে কেউ বিনা ভোটে নির্বাচিত হয়েছেন—এমন তথ্য সুজন পায়নি।
সুজন মনে করে, বিনা ভোটে এত বেশিসংখ্যক নির্বাচিত হওয়ার ঘটনা উদ্বেগজনক। এটি নির্বাচনী ব্যবস্থাকে আরও অকার্যকর করে ফেলতে পারে, যা ভবিষ্যতের জন্য আত্মঘাতী হবে।
চার ধাপের ২ হাজার ৬০৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে মাত্র ১৭টিতে নারীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন; যা ১ শতাংশেরও কম। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ জিতেছে ১ হাজার ৭৯৯টিতে, বিএনপি ২৩৮, জাতীয় পার্টি ৩২, জাসদ ৬, জাতীয় পার্টি (জেপি) ৪, ওয়ার্কার্স পার্টি ৪, ইসলামী আন্দোলন ২, জমিয়তে উলামায়ে ইসলাম ও জাকের পার্টি ১টি করে এবং ৫২১টিতে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন। বিএনপি ৫৫৪ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী দিতে পারেনি।
সংবাদ সম্মেলনে গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, এবারের নির্বাচনে মনোনয়ন-বাণিজ্য এতটাই প্রকট ছিল, যা অনেকটা রোজার আগে ছোলা কেনাবেচার মতো। তিনি বলেন, ‘নির্বাচনে নিহত ব্যক্তিরা আসলে নিহত নন, তাঁরা শহীদ হয়েছেন। তাই এই নির্বাচনকে একটি শহীদি নির্বাচন বলে আখ্যা দেওয়া দেওয়া যায়। এতগুলো মানুষ মারা যাওয়া কোনো খেলা কিংবা তামাশার বিষয় নয়।’
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘চলমান ইউপি নির্বাচন নির্বাচনও নয় এবং গণতন্ত্রও নয়। বরং এক দুঃস্বপ্ন। যা ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য কাঙ্ক্ষিত নয়।’