বিনা মূল্যে অনলাইন কোর্সের সুযোগ নোবিপ্রবি শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। আর এই করোনাকালে শিক্ষার্থীরা যাতে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে নিজেদের প্রস্তুত করতে পারে, সে লক্ষ্যে অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম ‘কোর্সেরা’ (www.coursera.org) থেকে বিনা মূল্যে কোর্স করা ও সার্টিফিকেট অর্জনের উদ্যোগ নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন। 

‘কোর্সেরা ফর ক্যাম্পাস’ প্রোগ্রামের সঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ায় এই সুযোগ পাবেন নোবিপ্রবির শিক্ষার্থীরা। এর ফলে ‘কোর্সেরা’ (www.coursera.org) থেকে ৪ হাজার ২৬২টি কোর্স বিনা মূল্যে করতে পারবে ও সার্টিফিকেট পাবেন নোবিপ্রবি শিক্ষার্থীরা। এই সুযোগ চালু থাকবে এ বছরের ৩১ জুলাই পর্যন্ত এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করা কোর্সগুলোর ক্ষেত্রে সার্টিফিকেট অর্জন করা যাবে।

প্রোগ্রামটিতে কো–অর্ডিনেটর হিসেবে থাকবেন নোবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের প্রভাষক সালাউদ্দিন পাঠান। তিনি বলেন, কোর্সগুলোতে যাঁরা যুক্ত হবেন, তাঁরা যত ইচ্ছা কোর্স করতে পারবেন। যেহেতু চাকরির জন্য অর্জিত সার্টিফিকেটের ভালো গুরুত্ব রয়েছে এবং মাত্র এক হাজার জন রেজিস্ট্রেশন ফরম পূরণের মাধ্যমে যুক্ত হতে পারবেন সেহেতু মাস্টার্স, চতুর্থ বর্ষ এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের এই কোর্সগুলো করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আসন খালি থাকা সাপেক্ষে বাকি বর্ষের শিক্ষার্থীদেরও সংযুক্ত করা হবে। যেহেতু আসন সংখ্যা সীমিত, তাই যাঁরা সংযুক্ত হবেন প্রতি সপ্তাহে তাঁদের কার্যবিধি পর্যবেক্ষণ করা হবে। কেউ যদি সঠিকভাবে কোর্সের কাজগুলো সম্পন্ন না করেন, তবে তাঁকে বাদ দিয়ে নতুন কাউকে সুযোগ দেওয়া হবে।

নোবিপ্রবির এক হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফরম পূরণের মাধ্যমে যুক্ত হতে পারবেন এ কোর্সে। ছবি: সংগৃহীত
নোবিপ্রবির এক হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফরম পূরণের মাধ্যমে যুক্ত হতে পারবেন এ কোর্সে। ছবি: সংগৃহীত

সালাউদ্দিন পাঠান আরও বলেন, ‘কোর্সেরা ফর ক্যাম্পাস’ প্রোগ্রামে নোবিপ্রবিকে সংযুক্ত করার বিষয়ে সব ধরনের সহযোগিতা করেছেন নোবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর স্যার এবং এই কোর্স প্রোগ্রামের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইমুম হোসেন বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। কোর্সভিত্তিক প্রশ্ন ও সমস্যা সমাধানে মডারেটর হিসেবে কাজ করবে নোবিপ্রবির সিএসটিই বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ, আকিফ জামান ও মাহবুবুর রহমান এবং এক্সপার্ট হিসেবে যুক্ত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মিনারুল হাসান রাহাত।

* লেখক: শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়