বিনা মূল্যে আইনি সহায়তা নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গতকাল রংপুরে নানা কর্মসূচি পালন করা হয়। কোর্ট চত্বরে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে আইনগত সহায়তা মেলার উদ্বোধন করা হয়। পরে নগরে একটি শোভাযাত্রা বের হয় l ছবি: প্রথম আলো
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গতকাল রংপুরে নানা কর্মসূচি পালন করা হয়। কোর্ট চত্বরে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে আইনগত সহায়তা মেলার উদ্বোধন করা হয়। পরে নগরে একটি শোভাযাত্রা বের হয় l ছবি: প্রথম আলো

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটিতে প্রান্তিক জনগোষ্ঠীকে, বিশেষ করে নির্যাতনের শিকার নারীদের বিনা মূল্যে আইনি সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: জেলা জজ আদালত প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। সকালে পুলিশের উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক বেলুন ও পায়রা উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এতে জেলা আইন সহায়তা প্রদান কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ সভাপতিত্ব করেন।
নীলফামারী: সকালে জেলা আইন সহায়তা কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীরের নেতৃত্বে নীলফামারী জজ আদালত চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আদালত চত্বরে এসে শেষ হয়। জজ আদালত চত্বরে দিনব্যাপী আইনগত সহায়তা মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা হয়।
ঠাকুরগাঁও: সকালে আদালত চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা হয়। সেখানে সহকারী জজ ও জেলা আইন সহায়তা প্রদান সংস্থার সদস্যসচিব সহদেব চন্দ্র রায় বলেন, সংস্থা থেকে বিনা খরচায় আইনি সহায়তা পাওয়ার বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে।
পঞ্চগড়: সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। সেটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কে এম মোস্তকাকিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন ডিসি অমল কৃষ্ণ মণ্ডল।
বিরামপুর (দিনাজপুর): সকালে দিনাজপুর জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমদ আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন। পরে আদালত চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।