বিনা মূল্যে আইনি সহায়তা পেলেন ১১৩৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে গত ১৩ বছরে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা থেকে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানা আর্থ-সামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ এক হাজার ১৩৭ জন বিচারপ্রার্থীকে বিনা মূল্যে আইনগত সহায়তা দেওয়া হয়েছে। এ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৫৩৫টি মামলা। বর্তমানে বিচারাধীন আছে ৫৫৮টি। চলতি মাসে আরও তিনটি মামলার আবেদন পাওয়া গেছে।
জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে আয়োজিত মাসিক সভায় গত সোমবার বিকেলে সংস্থার সদস্যসচিব নজরুল ইসলাম এ তথ্য জানান।
জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে সভাটি হয়। এতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুর আলী, মুখ্য বিচারিক হাকিম আবু মনসুর মো. জিয়াউল হক, যুগ্ম জেলা জজ মামুনুর রশীদ, জ্যেষ্ঠ সহকারী জজ ও জেলা আইনগত সহায়তা কর্মকর্তা খাইরুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌঁসুলি আমিনুর রহমান, জিপি আফজাল হোসেন বক্তব্য দেন। এ সময় বিচারকসহ কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।
পরে একই স্থানে ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির আওতায় আরেকটি মতবিনিময় সভা হয়।