বিনা মূল্যে কোমর ও হাঁটু প্রতিস্থাপন চিকিৎসা ক্যাম্প
আর্থিকভাবে অসচ্ছল রোগীদের বিনা মূল্যে কোমর ও হাঁটু প্রতিস্থাপনের লক্ষ্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে।
গতকাল রোববার তিন দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সভাপতি অধ্যাপক খন্দকার আবদুল আউয়াল রিজভী।
খন্দকার আবদুল আউয়াল বলেন, দেশে বছরে প্রায় ৫০ হাজার রোগীর কোমর ও হাঁটু প্রতিস্থাপন প্রয়োজন। কিন্তু প্রতিস্থাপন হয় মাত্র তিন শ থেকে সাড়ে তিন শ জনের। তিনি বলেন, দেশে কোমর ও হাঁটু প্রতিস্থাপনের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে। অনেকেই জানেন না যে দেশে এ ধরনের অপারেশন হয়।
ইবনে সিনা ট্রাস্টের সদস্য (প্রশাসন) এ কে এম সদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ আ ন ম জিয়া-উর-রহমান, উপাধ্যক্ষ মাহফুজুর রহমান চৌধুরী, কলকাতার পিয়ারলেস হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. নিখিলেস দাস, ইবনে সিনা ট্রাস্টের নির্বাহী পরিচালক ওয়ালিউর রহমান চৌধুরী, মেডিকেল কলেজের সহযোগী পারভেজ আহসান। বিজ্ঞপ্তি।