বিনা মূল্যে খাওয়ার পানি সরবরাহসহ ছয় দফা দাবি
বিনা মূল্যে খাওয়ার পানি সরবরাহসহ ছয় দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন ফুলবাড়ীর শিবনগর ইউনিয়নের দুধিপুর গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা গতকাল বুধবার মানববন্ধন করেছেন। পরে তাঁরা তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন। ছয় দফা দাবি আদায়ে তাঁরা ‘সংগ্রাম কমিটি’ গঠন করেছেন।
ছয়টি দফা হলো তাপবিদ্যুৎকেন্দ্রের সুউচ্চ চিমনি থেকে নির্গত কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীকে ক্ষতিপূরণ প্রদান, বিনা মূল্যে খাওয়ার পানি সরবরাহ, স্থানীয় বেকার যুবকদের চাকির প্রদান, তাপবিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি ক্ষতিগ্রস্ত গ্রামে সরবরাহ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মপ্রতিষ্ঠান নির্মাণ।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, তাপবিদ্যুৎকেন্দ্রের পেছনে দুধিপুর গ্রামের রাস্তায় গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ওই মানববন্ধন করেন।
সংগ্রাম কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক বলেন, ‘১৯৯৬ সালে তাপবিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার সময় দুধিপুর গ্রামের কৃষকদের যে জমি অধিগ্রহণ করা হয়, সেই জমিতে তিনটি ফসল হতো। সে সময় বাজারমূল্যের চেয়ে অনেক কম মূল্য দেওয়া হয়। ফলে জমির মালিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সেই সময় বলা হয়েছিল, তাপবিদ্যুৎকেন্দ্র হলে প্রথম এলাকায় কম মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। বেকারদের চাকির দেওয়া হবে। এলাকায় স্কুল-কলেজ প্রতিষ্ঠা করা হবে। কিন্তু বাস্তবে কিছুই হয়নি।’
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. মহব্বত হোসেন বলেন, গ্রামবাসীর স্মারকলিপি তিনি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফ্যাক্সযোগে পাঠিয়েছেন।