চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী চৌধুরী বাড়িতে গত মঙ্গলবার প্রায় ৭০০ জন রোগীর বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় তাঁদের এ সেবা দেওয়া হয়। এ ছাড়া ৭০ জন রোগীকে বিনা মূল্যে ছানি অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজনের জন্য চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোর্তুজা চৌধুরী বলেন, এটা তাঁদের নিয়মিত কর্মসূচি। জেলা ও জেলার বাইরে প্রতিবছরই এ সময় তাঁরা বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেন।