শেরপুরের শ্রীবরদী উপজেলার আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউট মাঠে গতকাল শুক্রবার বিনা মূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। ঢাকার শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির উদ্যোগে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্রবিষয়ক সচিব ও সমিতির সভাপতি রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খোরশেদ আলম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি ও চিকিৎসা শিবির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাইফুল কবীর চৌধুরী। চিকিৎসা শিবিরে প্রায় তিন হাজার রোগীকে চিকিৎসাসেবাসহ ছয় লাখ টাকার ওষুধ দেওয়া হয়। আজ শনিবার ঝিনাইগাতী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সমিতির পক্ষ থেকে অনুরূপ চিকিৎসা শিবির হবে।