বিনা মূল্যে চিকিৎসা দিতে স্বাস্থ্যবিমা চালু হচ্ছে আগামীকাল
দরিদ্র মানুষের জন্য আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রথমবারের মতো চালু হচ্ছে স্বাস্থ্যবিমা। সরকারের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) আওতায় শুরুতে টাঙ্গাইলের তিনটি উপজেলায় এই বিমা চালু হতে যাচ্ছে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ মিলনায়তনে আগামীকাল দুপুরে কয়েকজন দরিদ্র মানুষের হাতে স্বাস্থ্যবিমা কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হক, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির মহাপরিচালক আসাদুল হক প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এ কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন দেশে এ ধরনের বিমা চালু থাকলেও বাংলাদেশে এটাই প্রথম।
কালিহাতী, ঘাটাইল ও মধুপুর উপজেলায় পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি শুরু হবে। কর্মসূচির আওতায় উপজেলা তিনটির দরিদ্র পরিবারগুলোর ওপর জরিপকাজ করা হয়েছে। প্রতিটি দরিদ্র পরিবারকে একটি করে স্বাস্থ্যবিমা কার্ড দেওয়া হবে। কার্ডে পরিবারগুলোর সব সদস্যের নাম উল্লেখ থাকবে।
কার্ড দিয়ে সংশ্লিষ্ট পরিবারের যেকোনো সদস্য বিনা মূল্যে ৫০টি রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ-সুবিধা পাবেন। কার্ডের জন্য পরিবারগুলোকে কোনো প্রিমিয়াম দিতে হবে না। সম্পূর্ণ বিনা মূল্যে কার্ড দেওয়া হবে।
বিমা গ্রহণকারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে তিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের শূন্য পদ পূরণ করা হয়েছে। সিভিল সার্জন সৈয়দ ইবনে সাইদ জানান, বিমা কার্ডধারীরা চিকিৎসার জন্য প্রথমে নিজেদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন। সেখানে চিকিৎসা-সুবিধা পর্যাপ্ত না হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তাঁরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালেও বিনা মূল্যে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ পাবেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা মেডিকেল কলেজ হাসপাতালের কোনো যন্ত্র (এক্স-রে, আলট্রাসনোগ্রাফি, ইসিজি যন্ত্র ইত্যাদি) বিকল থাকলে বাইরের কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে এ পরীক্ষাগুলো করানো হবে। বিল পরিশোধ করা হবে বিমা কর্মসূচি থেকে। বিমাধারীদের ওষুধ সরবরাহের জন্য উপজেলা সদর ও জেলা সদরে নির্ধারিত ওষুধের দোকান থাকবে। চিকিৎসকের স্লিপ দিয়ে সেখান থেকে বিনা মূল্যে ওষুধ নেওয়া যাবে।