বিনা মূল্যে চিকিৎসা পাচ্ছেন না রানা প্লাজার আহতেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোমর, পা আর পিঠের ব্যথায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না লাভলী। যেখানে-সেখানে বসে পড়তে হয়। সাভারের রানা প্লাজা ধসের সময় লাভলী ওই ভবনের চতুর্থ তলায় ছিলেন। ওই সময় তাঁর ওপর ভবনের ছাদের একটি অংশ ভেঙে পড়ে। ঘটনার পর সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে চিকিৎসা-সহায়তা পেলেও তিন বছর পর এখন আর কোথাও থেকে সহায়তা মিলছে না।

বরিশালের মেয়ে নাছিমার অবস্থাও একই। নাছিমার কোমরের হাড় ভেঙে গেছে। সোজা হয়ে দাঁড়াতে পারেন না। সপ্তম তলায় কাজ করছিলেন ঘটনার দিন। তাঁর মাথা ও কোমরে ছাদ ভেঙে পড়ে। সহায়তা না পেয়ে তাঁরও নিয়মিত চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম।

লাভলী ও নাছিমার মতো রানা প্লাজা দুর্ঘটনায় আহত অনেক শ্রমিক এখনো পুরোপুরি সেরে ওঠেননি। অনেককে আরও দীর্ঘমেয়াদি চিকিৎসা নিয়ে যেতে হবে। কিন্তু এর অর্থ জোগানোর সামর্থ্য তাঁদের নেই। আগে যেসব হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, সেগুলো এখন আর বিনা মূল্যে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানাচ্ছে।

শ্রমসচিব মিকাইল শিপার বলেন, ‘আহত ব্যক্তিরা যে এখন চিকিৎসা পাচ্ছেন না, আমরাও সেই তথ্য জানতে পেরেছি। আমরা চেষ্টা করছি সরকারি হাসপাতাল, প্রয়োজনে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে সমঝোতা স্মারকে সই করতে, যাতে তারা রানা প্লাজা দুর্ঘটনায় আহত কেউ গেলেই বিনা মূল্যে চিকিৎসা-উপকরণসহ সেবা দেয়। উপকরণ ও চিকিৎসার খরচ শ্রম মন্ত্রণালয় দিয়ে দেবে।’

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাজারে রানা প্লাজা ধসে পড়লে ১ হাজার ১৩৬ জন প্রাণ হারান। তাঁদের অধিকাংশই ছিলেন পোশাকশ্রমিক। ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে আহত যে ২ হাজার ৪৩৮ জনকে উদ্ধার করা হয়, তাঁদের অনেকেই স্থায়ীভাবে পঙ্গু হয়ে পড়েছেন।

বেসরকারি সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশের এক জরিপে বলা হয়েছে, ধসের তিন বছর পরও আহত ব্যক্তিদের ১৪ দশমিক ৬ শতাংশ মেরুদণ্ড ও কোমরে ব্যথাসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন।

তাঁদের একজন রিতা আক্তার বলেন, ‘আমার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। ধ্বংসস্তূপে মেশিনের নিচে বাঁ হাত আর ডান পা চাপা পড়ায় আমি হাঁটতে পারি না।’ মুন্নী আক্তার নামের আরেক আহত শ্রমিক বলেন, ‘আমি ফিজিওথেরাপি না দিলে ব্যথায় ঘুমাতে পারি না।’

ভুক্তভোগী ব্যক্তিরা বলেন, তাঁদের দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হচ্ছে। প্রথম দিকে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি), এনাম মেডিকেল কলেজ হাসপাতাল বা গণস্বাস্থ্য হাসপাতাল চিকিৎসা দিত। এখন সেখানে চিকিৎসা নিতে নিয়মিত রোগী হিসেবে খরচ দিতে হয়। কিন্তু পঙ্গু হয়ে পড়ায় তাঁরা এমনিতেই উপার্জনের সক্ষমতা হারিয়েছেন।

সিআরপির প্রোগ্রাম ম্যানেজার কৃষ্ণ সেন বলেন, রানা প্লাজার আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য তাঁদের যে তহবিল দেওয়া হয়েছিল, সেটা শেষ হয়ে গেছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আহত শ্রমিকদের স্বাস্থ্যগত মূল্যায়ন করে যে অর্থসহায়তা দেওয়া হয়েছে, সেটি পর্যাপ্ত নয়। এ জন্য দীর্ঘমেয়াদি ব্যবস্থা হিসেবে সরকার এমন একটি বিশেষ ‘হেলথ কার্ড’ দিতে পারে, যে কার্ডটি দেখিয়ে আহত ব্যক্তিরা স্থানীয় সরকারি হাসপাতাল থেকে বিনা মূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ পেতে পারেন।

শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, রানা প্লাজা ধসের ঘটনায় চিকিৎসা না পেলে এসব শ্রমিক ঘুরে দাঁড়াতে পারবেন না। রানা প্লাজার জন্য অনেক সংগঠন নানাভাবে কাজ করেছে। কিন্তু তাদের মধ্যে সমন্বয়হীনতা ছিল। তারা কে, কী কাজ করছে, পরস্পর জানা থাকলে শ্রমিকদের জন্য সেটা বেশি কাজের হতো। চিকিৎসাও দেওয়া যেত।