বিনা মূল্যে চিকিৎসা পেল দেড় হাজার শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সহায়তায় নীলফামারীতে গত দুই দিনে দুস্থ ও অসচ্ছল পরিবারের প্রায় দেড় হাজার শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
গত শুক্র ও শনিবার নীলফামারী জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নে এ সেবা দেওয়া হয়।
শনিবার ওই ইউনিয়নের ককই বড়গাছা উচ্চবিদ্যালয়ে প্রায় ৮০০ এবং শুক্রবার একই ইউনিয়নের কাচারী উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পে ৭০০ অসচ্ছল শিশুকে বিনা মূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের অধ্যাপক ও মন্ত্রী আসাদুজ্জামান নূরের স্ত্রী শাহিন আখতারের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসক বিকাশ চন্দ্র পাল, সাখাওয়াত আলম, ধীমান কুমার রায় ও সঞ্জীব কুমার রায় অংশ নেন।
শনিবার দুপুরে ককই বড়গাছা উচ্চবিদ্যালয়ে গিয়ে কথা হয় চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে। এ সময় কচুয়া গ্রামের সুমিলা রানী রায় বলেন, ‘গরিব মানুষ৷ আইজকে বাড়ির কাছত বিনা পয়সায় এত বড় ডাক্তার পাইছি, ওষুধও দিছে। কইছে ভাল হয়ে যাবে।’ প্রতি দুই মাস অন্তর নীলফামারীতে প্রতিটি ইউনিয়নে পালাক্রমে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।