অনেক দিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাটের বাসিন্দা কামরুন্নেসা। বিশেষজ্ঞ চিকিৎসকদের আসার খবর পেয়ে তিনি ছুটে আসেন স্থানীয় গনি হাসপাতালে। চিকিৎসকের কাছ থেকে বিনা মূল্যে চিকিৎসা নিয়ে বের হয়ে পান ওষুধও। এ জন্য কোনো টাকা দিতে হয়নি। এই ধরনের সেবা পেয়ে ভীষণ খুশি হন এই বৃদ্ধা।
শুধু কামরুন্নেসা নন, এই রকম প্রায় ৭০০ ব্যক্তিকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ।
‘মানবতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসা’ স্লোগানে অনুষ্ঠিত এই চিকিৎসা শিবিরে অংশ নেন ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। তাঁরা মেডিসিন, হৃদ্রোগ, প্রসূতি ও শিশুবিষয়ক সেবা দেন। তাঁদের সঙ্গে ছিলেন আরও চার চিকিৎসক।
বিনা মূল্যে চিকিৎসাসেবা পাওয়ার খবর শুনে অনেকে নিজে এসেছেন। অনেকে তাঁদের অসুস্থ শিশুদের নিয়ে এসেছেন। এবারের শিবিরে প্রায় ৪০০ নারী, ২০০ শিশু ও ১০০ পুরুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সমস্যার ধরন অনুযায়ী তাঁদের বিনা মূল্যে ওষুধও দেওয়া হয়।
আফরোজা খানমের শিশুর কয়েক দিন ধরে পেটের ব্যথা। আর মেহেরুন আক্তারের শিশুর গায়ে জ্বর। চিকিৎসা শিবিরের কথা শুনে অসুস্থ সন্তানকে নিয়ে আসেন তাঁরা। চিকিৎসা শেষে বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকেরা খুব আন্তরিকতার সঙ্গে সেবা দিয়েছেন। এতে তাঁরা খুশি। বিনা মূল্যে ওষুধ হচ্ছে বাড়তি পাওয়া।
ফারাজ হোসেন ফাউন্ডেশনের ঢাকা প্রতিনিধি মো. খালিদ জামিল প্রথম আলোকে বলেন, চিকিৎসা শিবিরের বিষয়ে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মাইকিং করে জানিয়ে দেওয়া হয়। এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষও এক সপ্তাহ ধরে এলাকায় প্রচারণা চালিয়েছে। তাদের ওখানে সেবা নিতে আসা লোকজনকে অবহিত করেছে। এই কারণে অনেক ব্যক্তি চিকিৎসাসেবা নিতে এসেছেন।
গনি হাসপাতাল লিমিটেডের স্বত্বাধিকারী মো. ওসমান গনি বলেন, একসঙ্গে এতজন মানুষকে সেবা দেওয়ার আয়োজনে সহযোগী হতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতে প্রতি মাসে অন্তত একবার হাসপাতালের পক্ষ থেকে এলাকাবাসীর জন্য বিনা মূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হবে।
চিকিৎসা শিবিরে অংশ নেওয়া বিশেষজ্ঞ চিকিৎসক সাগর নন্দী বলেন, আজকে যাঁরা চিকিৎসা নিয়েছেন, তাঁদের অনেকের হয়তো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ বা সামর্থ্য নেই। তাঁদের সেবা দিতে খুব ভালো লাগছে। আর ফারাজ হোসেন ফাউন্ডেশন সারা দেশে যেসব কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসাযোগ্য। এতে মানুষ সরাসরি উপকৃত হচ্ছে। এই ধারা অব্যাহত থাকুক।