বিনা মূল্যে চিকিৎসাশিবিরের নামে বিএনপির জনসভা!
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা সদরে বিনা মূল্যে চিকিৎসাশিবিরের নামে জনসভা করেছেন বিএনপির স্থানীয় নেতারা। পরে অন্যদের বের করে দিয়ে বিএনপি-সমর্থকদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় চিকিৎসাসেবা না পেয়ে শত শত দরিদ্র নারী-পুরুষ ফিরে যান।গতকাল শনিবার ডামুড্যা উপজেলার ধনই গ্রামের সাইদ আহমেদ ওরফে আসলাম নামে এক ব্যক্তি বিনা মূল্যে এই চিকিৎসাশিবিরের আয়োজন করেন। প্রশাসনের অনুমতি ছাড়াই চিকিৎসাশিবিরে ২২ জন চিকিৎসক রোগীদের এই সেবা দেন।স্থানীয় সূত্র জানায়, সাইদ নামের ওই ব্যক্তি আহমেদ গ্রুপ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান। গত ১৩ এপ্রিল শনিবার থেকে শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকায় (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা) বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার প্রচারণা চালানো হয়। গ্রামে গ্রামে মাইকিং, প্রচারপত্র বিতরণ ও ব্যানার টাঙিয়েও প্রচারণা চালানো হয়। রোগীদের জানানো হয়, শনিবার সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চিকিৎসা এবং বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হবে।সকাল থেকে দরিদ্র রোগীরা ডামুড্যা উপজেলা সদরের বালিকা উচ্চবিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন। সেখানে সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় বিএনপির নেতাদের নিয়ে জনসভা হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল করিম মিয়া, যুগ্ম আহ্বায়ক মিনহাজুল হক মাল, মজিদ মাদবর, সাবেক উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ। জনসভায় বক্তারা সাইদ আহমেদ ও তাঁর পরিবারের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা করেন। ভবিষ্যতে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য উপস্থিত লোকজনের কাছে সমর্থন আহ্বান করা হয়। পরে উপস্থিত রোগীদের মধ্য থেকে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির নেতারা দলীয় সমর্থকদের চিহ্নিত করে ক্যাম্পের মাঠে রাখেন। এ সময় অন্যদের বের করে দিয়ে বিদ্যালয় মাঠের ফটক লাগিয়ে দেওয়া হয়। এ ঘটনায় চিকিৎসাসেবা না পেয়ে বিভিন্ন গ্রামের শত শত মানুষ ফিরে যান।ডামুড্যা উপজেলার চরবহেরা গ্রামের জায়েদা বেগম (৬০) বলেন, ‘আমরা দরিদ্র মানুষ ধারে টাকা এনে খরচ করে চিকিৎসাসেবা নিতে এসেছি। কিন্তু এখানে আমাদের চিকিৎসাসেবা না দিয়ে বের করে দেওয়া হয়েছে।’গোসাইরহাট উপজেলার সাইক্কা গ্রামের রিকশাচালক আজাহার আলী (৬৫) বলেন, এখানে বেছে বেছে বিএনপি-সমর্থকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শত শত সাধারণ মানুষ চিকিৎসা না পেয়ে ফিরে গেছেন।সাইদ আহমেদ বলেন, ‘আমাদের পারিবারিক-রাজনৈতিক অবস্থান ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি বলার জন্যই জনসভা করা হয়েছে। চিকিৎসাশিবিরের জন্য স্থানীয় প্রশাসনের লিখিত অনুমতি নেওয়া হয়নি। তবে বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগ সঠিক নয়।’শরীয়তপুরের সিভিল সার্জন আবদুল ওহাব হাওলাদার বলেন, চিকিৎসাশিবির করতে হলে স্বাস্থ্য বিভাগের অনুমতি নিতে হয়। এ ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়নি।