বিনা মূল্যে তিন হাজার রোগী দেখলেন বিশেষজ্ঞরা
ভিন্নভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্যাপন করলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। গতকাল শুক্রবার ছুটির দিনে দুই হাজার ৯৭৭ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দেন তাঁরা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিশেষ চিকিৎসা কর্মসূচির আয়োজন করে। প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত রোগীদের চিকিৎসা দেন। এতে ৩২ জন অধ্যাপক, ১৭ জন সহযোগী অধ্যাপক, ১৫ জন সহকারী অধ্যাপক, ৫৯ জন মেডিকেল অফিসারসহ নার্স, মেডিকেল সহকারী ও অন্য কর্মকর্তারা অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গেছেন এমন বরেণ্য চিকিৎসকেরা বিনা মূল্যে রোগী দেখেছেন। চিকিৎসক, সেবিকা ও কর্মকর্তাদের অংশগ্রহণ কর্মসূচিকে সফল করেছে। জাতীয় অধ্যাপক সাহলা খাতুন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক আবু সফি আহমেদ আমিনও রোগীদের চিকিৎসাসেবা দেন।
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় ওই দিন বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে সেবা পাননি রোগীরা। তবে কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর জন্মদিন ভিন্নভাবে উদ্যাপনের সিদ্ধান্ত নেয়। গতকাল বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখবেন, তা গণমাধ্যমে প্রচারিত হয়েছিল।