বিনা মূল্যে দ্য ডেইলি স্টার পত্রিকা পাবেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের মাস্টার্সের এক হাজার শিক্ষার্থী আগামী ১ জানুয়ারি থেকে এক বছরের জন্য বিনা মূল্যে পাবেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ঘোষণা দেওয়া হয়।সাধারণ জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে ডেইলি স্টার ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে দুই পক্ষ একটি সমঝোতা স্মারকে সই করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রত্যন্ত গ্রাম থেকে আসা অনেক শিক্ষার্থী আছেন, যাঁরা বিশ্ববিদ্যালয়ে আসার আগে নিয়মিত পত্রিকা পড়ার সুযোগ পাননি। অনেকের পত্রিকা কিনে পড়ারও সামর্থ্য নেই। এই উদ্যোগের ফলে এর ফল ভোগকারীদের এ ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকল না। উপাচার্য বলেন, উদ্যোগটি প্রাথমিকভাবে এক বছর মেয়াদে নেওয়া হয়েছে, তাই মাস্টার্সের ছাত্রদের বেছে নেওয়া হয়েছে। বাছাইয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্যের বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে বলে তিনি জানান। দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ফলে পাঠ্যপুস্তকের ভিত্তিতে একটি জ্ঞান অর্জন হচ্ছেই। কিন্তু বিশ্বকে জানতে সাধারণ জ্ঞানেরও প্রয়োজন। শুধু পরীক্ষায় ভালো করার জন্য নয়, দক্ষ নাগরিক হওয়ার জন্যও এটি অত্যন্ত জরুরি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস খান বলেন, ডেইলি স্টার-এর সঙ্গে এই উদ্যোগে এক হতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। হূদয়ের কাছাকাছি হওয়ায় অনেক প্রকল্প বাদ দিয়ে এটি গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরা পত্রিকা পাঠ নিয়ে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।