বিনা মূল্যে নিউমোনিয়ার টিকা কার্যক্রমের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রসারিত টিকা দান কর্মসূচির আওতায় শিশুদের বিনা মূল্যে নিউমোনিয়ার টিকা (পিসিভি) দিতে শুরু করেছে সরকার। এ ছাড়াও দেশের পোলিওমুক্ত অবস্থা বজায় রাখতে নতুন একটি টিকা (আইপিডি) সংযোজন করা হয়েছে।

আজ শনিবার ঢাকা শিশু হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আয়োজকেরা জানান, এখন থেকে এক বছরের কম বয়সী শিশুরা ইপিআই-এর নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী মোট তিনবার ওপিডি টিকা পাবে। আগে ইপিআই কর্মসূচিতে শিশুরা ৬ সপ্তাহ, ১০ সপ্তাহ, ১৪ সপ্তাহ ও ৯ মাস বয়সে মোট চারবার ওপিডি টিকা পেত। ৬, ১০ ও ১৪ সপ্তাহ বয়সে আগের মতোই ওপিডি টিকা পাবে। তবে ১৪ সপ্তাহ বয়সে শিশু ওপিডি টিকার সঙ্গে এক ডোজ আইপিডি টিকা পাবে। এতে করে শিশুকে আর নয় মাস বয়সে ওপিডি টিকার ৪র্থ ডোজটি নিতে হবে না। আইপিডি টিকা শিশুকে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হবে।

আয়োজকেরা আরও জানান, বাংলাদেশ দীর্ঘ সাত বছরের বেশি সময় পোলিওমুক্ত থাকার পর ২০১৪ সালের ২৭ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশসহ ১১টি দেশকে পোলিওমুক্ত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয়। দেখা গেছে, বিশ্বের কয়েকটি দেশে এখনও পোলিও রোগ থাকায় দীর্ঘদিন পোলিওমুক্ত থাকার পর কিছু দেশে নতুন করে সংক্রমিত হয়েছে। আইপিডি টিকা দিলে আবার সংক্রমণের ঝুঁকি থাকে না।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।