বিনা মূল্যে ফিজিওথেরাপি দেবে ডিএসসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বরের পর চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীদের ব্যথা কমাতে বিনা মূল্যে ফিজিওথেরাপি সেবা কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। গতকাল সোমবার তিনি নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, ঢাকা শহরে চিকুনগুনিয়ায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা অনেক কমে গেছে। তবে ইতিমধ্যে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের শরীরে ব্যথা আছে। তাই ডিএসসিসির পক্ষ থেকে ফিজিওথেরাপি সেবার ব্যবস্থা করা হয়েছে। ডিএসসিসির কল সেন্টারে (০৯৬১১০০০৯৯৯) কল করলেই এই সেবা পাবেন নাগরিকেরা। এই সেবাদানে সহযোগিতা করবেন বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন সভাপতি দলিলুর রহমান ও স্বাধীনতা ফিজিওথেরাপি পরিষদের সভাপতি আলী ইমাম   এবং তাঁদের জনবল।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিএসসিসির উদ্যোগে গত ২০ জুলাই থেকে চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০ জুলাই থেকে গতকাল পর্যন্ত ডিএসসিসির কল সেন্টারে ৬৭ হাজার ৩০৭টি ফোন এসেছে। এর মধ্যে ২ হাজার ৮৪০ জন ডিএসসিসির আওতাভুক্ত এলাকার বাসিন্দা। তাঁদের চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। গতকাল পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ১ লাখ ৭০ হাজার প্যারাসিটামল বিতরণ করা হয়েছে।