বিনা মূল্যে বইয়ের কারণে শিক্ষার্থী ঝরছে কম: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বই কেনার টাকার অভাবে কোনো শিক্ষার্থী যেন ঝরে না যায়, সে জন্য বর্তমান সরকার বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করছে। বিনা মূল্যে পাঠ্যবই দেওয়ায় শিক্ষার্থী ঝরে পড়ার হার কমেছে। সরকার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। এ বছর সাড়া দেশে প্রায় ৩৫ কোটি বই বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে।
আজ রোববার দুপুরে ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পাঠ্য পুস্তক উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী আরও বলেন, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়েও এগিয়ে রয়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিক ভাবে সুদৃঢ় অবস্থানে আছে।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ, ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান প্রমুখ।