বিনা মূল্যে বিতরণের সাড়ে ছয় হাজার বই বিদ্যালয়ে জমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মবহির্ভূতভাবে বিনা মূল্যে বিতরণের প্রায় সাড়ে ছয় হাজার বই জমা রাখা হয়েছে চট্টগ্রাম নগরের সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে।
এর মধ্যে রয়েছে গত বছরের পঞ্চম থেকে নবম শ্রেণীর প্রায় সাড়ে চার হাজার এবং চলতি বছরের একই শ্রেণীর প্রায় দুই হাজার পাঠ্যবই। অথচ বিদ্যালয়ের পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায় ৭০০ শিক্ষার্থী রয়েছে।
গতকাল বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে গিয়ে এ চিত্র দেখা যায়। হরতালের কারণে শিক্ষার্থীশূন্য বিদ্যালয়ে কয়েকজন শিক্ষক ছিলেন।
বইয়ের পরিসংখ্যান সম্পর্কে জানতে চাইলে একজন অপরজনের ওপর দায়িত্ব চাপিয়ে বিষয়টি এড়িয়ে যান। পরে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ শিক্ষক জানান, ‘আমরা হিসাব করে দেখেছি নতুন বইয়ের সংখ্যা হাজার দুয়েকের মতো হবে। আর গত বছরের বইয়ের সংখ্যা সাড়ে চার হাজার।’ জানা যায়, প্রতিটি বিদ্যালয় তাদের চাহিদাপত্রে নতুন ভর্তিসহ সম্ভাব্য শিক্ষার্থীর তালিকা পাঠায় জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে। সেই হিসাবে বই পাঠানো হয়। বাড়তি বইগুলো ফিরিয়ে দিতে হয়। বিদ্যালয়ে জমা রাখার কোনো নিয়ম নেই।
এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ে বই জমা রাখার কোনো বিধান নেই। এটা অনুচিত এবং অপরাধ। চাহিদা পূরণের পর যে গুদাম থেকে বই নেওয়া হয়েছে সেখানে তা অবশ্যই ফেরত দিতে হবে। বাড়তি বই বিদ্যালয়ে রাখা যাবে না।’
হোসনে আরা বেগম আরও বলেন, ‘ফেব্রুয়ারি পাঠ্যবই বিতরণে সমন্বয়ের মাস। এ সময়ে আমরা চাহিদার অতিরিক্ত বইগুলো সংগ্রহ করে যেসব বিদ্যালয় বই পায়নি তাদের মধ্যে বিতরণ করি। কেউ নিজেদের কাছে জমা রেখে দিলে ওসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হবে। ’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে ইতিমধ্যে বাড়তি বই ফিরিয়ে দেওয়ার জন্য বিদ্যালয়ের প্রধানকে টেলিফোনে জানানো হয়েছে এবং এ ব্যাপারে লিখিতভাবে চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু এর পরও প্রধান শিক্ষক কোনো সাড়া দিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছার আলী প্রথমে বলেন, ‘গত বছরের কোনো বই রয়েছে কি না, বিদ্যালয় থেকে কেউ আমাকে জানায়নি। এ বছরে ষষ্ঠ ও নবম শ্রেণীর কিছু বই বিতরণের পরে আমি বাকিগুলো ফেরত দেব।’
এরপর আবার বলেন, ‘কোনো বই ফেরত দেওয়ার ব্যাপারে আমাকে গত বছর জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে কোনো চিঠি পাঠানো হয়নি। সে জন্য এ বিষয়ে আমার ধারণা ছিল না।’
অভিযোগ সম্পর্কে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেছেন, বই জমা রাখাসহ বিভিন্ন অনিয়ম তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল সরেজমিনে দেখা যায়, একতলায় বিভিন্ন পুরোনো আসবাবে ঠাসা একটি নোংরা ও স্যাঁতসেঁতে কক্ষের মেঝেতে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে চলতি বছরের পঞ্চম থেকে নবম শ্রেণীর বই। বিদ্যালয়ের দোতলায় লাইব্রেরি কক্ষে দুই পাশে গত বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের বই স্তূপ করে রাখা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষাবিষয়ক তদারকির দায়িত্বে নিয়োজিত সহকারী শিক্ষক সুপ্রিয়া বড়ুয়ার কাছে বইয়ের পরিসংখ্যান এবং বই জমিয়ে রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে হেড স্যার জানেন।
নতুন বইয়ের চাহিদাপত্র তৈরির সঙ্গে যুক্ত সহকারী শিক্ষক অর্জুন কুমার কংস বণিকের নাম জানার পর তাঁর সঙ্গে শিক্ষক মিলনায়তনে কথা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না দাবি করে অফিস সহকারীর সঙ্গে কথা বলতে বলেন।
অফিস সহকারী নুরুল আবসার বলেন, ‘এটা পিয়ন আবুল খায়ের ও স্যাররা জানেন। আমার কাছে কোনো কাগজপত্র নেই।’ পরে আবুল খায়েরের খোঁজ নিলে জানা যায়, তিনি ছুটিতে আছেন।