বিনা মূল্যে মাছ ও পোনা দেওয়ার ঘোষণা সাংসদের
প্রতি শুক্রবার এলাকার দুস্থ লোকজনকে বিনা মূল্যে মাছ ও এলাকার গরিব মাছচাষিদের বিনা মূল্যে পোনা দেওয়ার ঘোষণা দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক। শিবলী সাদিক ও তাঁর বন্ধু জামিনুর রহমানের যৌথ মালিকানায় নির্মিত ‘স্নেহা-শিফা মৎস্য হ্যাচারি’র উদ্বোধন অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটায় দিনাজপুরের নবাবগঞ্জের কুশদহ ইউনিয়নের ডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন সাংসদের ব্যক্তিগত সহকারী আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান। অনুষ্ঠানে এ বছর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পাওয়ায় মাছচাষি মো. জামিনুর রহমানকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
সাংসদ শিবলী সাদিক বলেন, ব্যবসা নয়, এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও বেকার সমস্যা সমাধানে এগিয়ে আসার লক্ষ্যেই স্নেহা-শিফা হ্যাচারিটি স্থাপন করা হয়েছে।