বিনা মূল্যে রক্তের ৫২ পরীক্ষা
প্রথম শর্ত হচ্ছে, শরীরে কোনো রোগ থাকলে চলবে না। পুরোপুরি সুস্থ হতে হবে। তবেই রক্তের নমুনা দিয়ে বিনা মূল্যে ৫২টি পরীক্ষার ফল জানা যাবে। অবশ্য সব সুস্থ ব্যক্তিই এই সুযোগ পাবেন না। নমুনা নেওয়া হবে ৭৫০ জনের। তালিকা এ পর্যন্ত পূর্ণ হলে আর কারও নাম যুক্ত হবে না।
বিনা মূল্যে এই রক্ত পরীক্ষা চলছে বাংলাদেশ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর, বি) পরীক্ষাগারে। প্রত্যেকের ১৮ থেকে ২০ মিলিলিটার রক্তের নমুনা নিয়ে করা হচ্ছে ৫২টি পরীক্ষা। আইসিডিডিআর,বি থেকে দাবি করা হচ্ছে, এই পরীক্ষাগুলো রাজধানীর কোনো রোগ নির্ণয়কেন্দ্রের পরীক্ষাগারে করতে গেলে খরচ পড়বে ৩০ হাজার টাকার বেশি। শুধু তাই নয়, রক্তের নমুনা দেওয়া ব্যক্তি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসেরও অংশ হয়ে যাবেন। কারণ আন্তর্জাতিক একটি গবেষণার অংশ হিসেবে এই স্বেচ্ছাসেবকদের পরীক্ষার আওতায় আনা হচ্ছে।
গত ২০ এপ্রিল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। চলবে ১৫ মে পর্যন্ত। রাজধানীর মহাখালীতে আইসিডিডিআর, বির হেমাটোলজি ল্যাবে (ডায়াগনস্টিক ইউনিটের দ্বিতীয় তলা) সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত এ পরীক্ষা করা হচ্ছে। আগ্রহী স্বেচ্ছাসেবকদের নির্দিষ্ট ই-মেইল ও মুঠোফোনে যোগাযোগ করে আগে থেকে নির্দিষ্ট সময় নিতে হবে। স্বেচ্ছাসেবকের বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে হেমাটোলজি ল্যাবে (রক্ত পরীক্ষাগার) গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সী নারী ও পুরুষ রক্তের নমুনা দিচ্ছেন। নমুনা দেওয়ার আগে সবাই খুব মন দিয়ে অনুমতিপত্র পড়ে সই করছেন। ওজন ও রক্তচাপ মাপার হচ্ছে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের। কেউ কেউ পরিবারের একাধিক সদস্যকে সঙ্গে নিয়ে হাজির। মিরপুর থেকে ফাউজুল হোসেন তাঁর মাকে সঙ্গে নিয়ে এসেছেন। ফাউজুল হোসেনেরও রক্তের নমুনা দেওয়ার কথা ছিল। ১০ ঘণ্টার উপবাস থাকার শর্তটি তিনি মানেননি বলে আজ আর তাঁর পরীক্ষা হবে না।
রাজধানীর একটি রোগ নির্ণয়কেন্দ্রে কর্মরত এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ খবর পেয়ে রক্তের নমুনা দিতে এসেছেন। তিনিও তাঁর পরিচিত একজনকে সঙ্গে নিয়ে এসেছেন। নাম প্রকাশ না করে এই যুবক জানান, তাঁর ডায়াগনস্টিক সেন্টারে এত পরীক্ষা কখনোই বিনা মূল্যে করা সম্ভব হবে নয়। এ ছাড়া সেন্টারের ব্যবস্থাপককে কৈফিয়তও দিতে হতো। তার চেয়ে এখানে বিনা মূল্যে পরীক্ষাগুলো করা যাচ্ছে। তাই তিনি এ সুযোগ হাতছাড়া করতে চাননি। একই ভাবে চিকিৎসকসহ বিভিন্ন পেশার নারীরাও এসেছেন নমুনা দিতে।
গত চার দিনে (আজসহ) ১০০ জনের বেশি রক্তের নমুনা দিয়ে গেছেন বলে পরীক্ষাগারের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। যাঁরা রক্তের নমুনা দিচ্ছেন, তাঁরা মাস খানেক পর কিডনি ও যকৃতের কার্যক্রম, গ্লুকোজ, প্রোটিন, কোলেস্টেরল, থাইরয়েডের কার্য্ক্রম, এনজাইম, লিপিড, ইলেক্ট্রোলাইট, অন্যান্য বায়োকেমিক্যাল টেস্ট, টিউমার মার্কার, অ্যান্ডোক্রাইনলজি, হেমাটোলজি, ভিটামিনসহ ৫২টি পরীক্ষার ফল জানতে পারবেন।
চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে স্থান: আইসিডিডিআর, বি ‘ভৌগোলিকভাবে স্বতন্ত্র রেফারেন্স ভ্যালু/সাধারণ মাত্রা প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বব্যাপী বহুকেন্দ্রিক গবেষণায় অংশগ্রহণ: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ প্রোটোকল শিরোনামের গবেষণাটি করছে। জাপানের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ক্লিনিক্যাল কেমিস্ট্রি এই গবেষণায় আর্থিক ও অন্যান্য সহায়তা করছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, জাপান, চীন, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা এই গবেষণার সঙ্গে সম্পৃক্ত।
এই গবেষণার প্রধান পরিদর্শক ও আইসিডিডিআর, বি’র মলিকুলার ও সেরোডায়াগনস্টিক ল্যাবের প্রধান ফিরোজ আহমেদ জানান, রোগ নির্ণয়ে বাংলাদেশের মানুষের রক্তের নমুনার ওপর ভিত্তি করে বিভিন্ন পরীক্ষার স্বাভাবিক মাত্রা নির্ধারণে এই গবেষণা। বাংলাদেশি মানুষের নির্ভরযোগ্য ও নির্দিষ্ট রেফারেন্স ভ্যালু/সাধারণ মাত্রা প্রতিষ্ঠা ছাড়াও ভবিষ্যতে রোগীদের শারীরিক পরীক্ষার ফলাফল ব্যাখ্যার জন্য সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবে এ গবেষণা।
যাঁরা অংশ নিতে পারবেন না: রক্তের নমুনা পরীক্ষার শর্তই হলো সেই ব্যক্তিকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ওষুধ গ্রহণকারী ডায়াবেটিক ব্যক্তি, দর্ঘিকালস্থায়ী কিডনি বা লিভারের সমস্যায় ভোগা ব্যক্তি, মারাত্মক জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, হাসপাতাল থেকে চার সপ্তাহের কম সময়ে ছাড়া পাওয়া ব্যক্তি, গত তিন মাসের মধ্যে রক্তদাতা ব্যক্তি, হেপাটাইটিস বিসিএই এবং এইচআইভির বাহক ব্যক্তিরা এ গবেষণায় অংশ নিতে পারবেন না। যাঁরা দিনে পাঁচ বারের বেশি মদপান করেন বা দিনে ২০ বারের বেশি ধূমপান করেন, তাঁরাও অযোগ্য বলে বিবেচিত হবেন। গর্ভবতী, বুকের দুধ দেওয়া মা ও এক বছরের মধ্যে সন্তান প্রসবকারী নারীও বাদ পড়বেন। এ ছাড়া বডি ম্যাক্স ইনডেক্সসহ আরও কিছু শর্ত পূরণ করতে হবে।
যাঁরা গবেষণায় অংশ নেওয়ার জন্য যোগ্য, তাঁরা ই-মেইল asifa@icddrb. org এবং বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত সময় ০১৭৩৬২১৩০৩৩ মুঠোফোনেও যোগাযোগ করে নাম নিবন্ধন করাতে পারবেন বলে জানিয়েছেন আইসিডিডিআর, বি’র সহযোগী বিজ্ঞানী ফিরোজ আহমেদ। কোটা পূরণ না হওয়া পর্যন্ত শুক্র ও শনিবারসহ প্রতিদিন রক্তের নমুনা পরীক্ষা করা হবে।