নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ডায়াবেটিস ও হৃদ্রোগে আক্রান্ত ৩৫০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সফিউল্লাহ-সামছুন্নাহার ফাউন্ডেশন ও কোয়ান্টাম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার আয়োজিত এক চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে এ সেবা দেওয়া হয়।
উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আমানতপুর গ্রামের অলি বেপারীর বাড়িতে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে ৯০ শিশুর বিনা মূল্যে খতনা করানো হয়।
গতকাল সকালে ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামাল। বক্তব্য দেন সামছুন্নাহার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের হৃদ্রোগ বিভাগের রেজিস্ট্রার মাসুমা জান্নাত, সদস্যসচিব মুহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ।
চিকিৎসা ক্যাম্পে সেবা দেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের কার্ডিওলজিস্ট এস ডি জাবেদ ইকবাল, কোয়ান্টাম ফাউন্ডেশনের সমন্বয়কারী এ বি শাহজাহান খান ও চিকিৎসক মাসুমা জান্নাত। চিকিৎসাসেবা গ্রহণকারী প্রত্যেক রোগীকে বিনা মূল্যে ওষুধ, খতনা করানো প্রত্যেক শিশুকে একটি করে লুঙ্গি ও গামছা দেওয়া হয়।