বিনা মূল্যে স্বাস্থ্যসম্মত গণশৌচাগারের দাবি
দেশে বিনা মূল্যে স্বাস্থ্যসম্মত গণশৌচাগার নিশ্চিত করতে এই বিষয়ে সুষ্ঠু নীতিমালা ও পরিকল্পনা প্রণয়নের সুপারিশ করা হয়েছে।
আজ সোমবার সকালে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভার মূল প্রবন্ধে এই সুপারিশ করা হয়। এ ছাড়া সেখানে উপস্থিত বক্তারাও এমন সুপারিশ করেন।
বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে পবার সভা কক্ষে ‘পাবলিক টয়লেটের বর্তমান অবস্থা, গুরুত্ব ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় মূল প্রবন্ধ পড়ে শোনান ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান।
সভায় পাবলিক টয়লেট–বিষয়ক সুষ্ঠু নীতিমালা এবং পরিকল্পনা প্রণয়নের সুপারিশ করা হয়। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে বিনা মূল্যে পাবলিক টয়লেট নিশ্চিতে স্থানীয় সরকারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করতে হবে বলে মত দেওয়া হয়। পাবলিক টয়লেট না থাকলে বা মানসম্মত না হলে দোষীদের শাস্তি এবং জরিমানা যাতে নিশ্চিত করা যায়, সে সুপারিশও করেন বক্তারা।
জাতিসংঘের হিসাবে, বিশ্বের ৭০০ কোটি মানুষের মধ্যে ২৫০ কোটির উন্নত স্যানিটেশন ব্যবস্থা নেই। ১০০ কোটি মানুষ খোলা জায়গায় মল-মূত্র ত্যাগ করে।
অন্যদিকে বাংলাদেশে গুটিকয়েক পাবলিক টয়লেট ছাড়া বেশির ভাগই অপরিচ্ছন্ন এবং নিরাপত্তাহীন। দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ প্রতিবন্ধী হলেও পাবলিক টয়লেটগুলোতে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেই।
সভায় বক্তারা বলেন, প্রতিটি বাণিজ্যিক ও জনসমাগম স্থানে বিনা মূল্যে স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব নিতে হবে। নগরে চাহিদার তুলনায় পাবলিক টয়লেট কম এবং অধিকাংশ ব্যবহার অনুপযোগী। নারী ও প্রতিবন্ধীদের টয়লেট ব্যবহারে নিরাপত্তাসহ আলাদা ব্যবস্থা নাই। ফলে মানুষ বেশি সময় ধরে প্রস্রাব, পায়খানা আটকে রেখে কিডনিজনিত রোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে।
সভায় পরিবেশবিদ আবু নাসের খান বলেন, ঢাকার দুটি সিটি করপোরেশনেই স্যানিটারি ইন্সপেক্টর থাকার পরও পাবলিক টয়লেটগুলো তদারকি করা হচ্ছে না। পর্যবেক্ষণে দেখা যায়, বেশির ভাগ টয়লেটের দরজা নেই। ছিটকিনি নেই। পর্যাপ্ত আলো-বাতাস নেই। বিদ্যুৎ নেই। অপরিষ্কার, ময়লা, দুর্গন্ধ, ছাদ চুঁইয়ে পানি পড়ে। ময়লা পানি জমে থাকে। নেই পর্যাপ্ত নিরাপত্তা–ব্যবস্থাও।
প্রকৌশলী আবদুস সোবহান বলেন, ভাসমান মানুষ যারা ফুটপাতে থাকে বা শহরের চলাচল করে, তাদের জন্য পাবলিক টয়লেটের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ছাড়া পাবলিক টয়লেট ব্যবহারের বিষয়েও মানুষের সচেতনতা বাড়ানো প্রয়োজন।
সভার সভাপতি লেলিন চৌধুরী বলেন, একটি সভ্য জাতির মানদণ্ড হচ্ছে তাদের পয়ঃনিষ্কাশন–ব্যবস্থা। ঢাকা শহরের টাইফয়েড, আমাশয়, জন্ডিসসহ চারটি রোগে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ পয়ঃব্যবস্থার সীমাবদ্ধতা। শুধু ঢাকা শহরের কথা চিন্তা করলে চলবে না, ঢাকার বাইরেও পাবলিক টয়লেট নিশ্চিত করতে হবে।
আইনজীবী সৈয়দ মাহবুবুল আলম বলেন, পাবলিক টয়লেট নিশ্চিত করা সিটি করপোরেশনের আইনি দায়িত্ব। সিটি করপোরেশনের হাজার কোটি টাকা বাৎসরিক বাজেট হলেও নগরে সেভাবে পাবলিক টয়লেট ব্যবস্থাপনা গড়ে ওঠেনি।
মাহবুবুল আলম প্রশ্ন উত্থাপন করে বলেন, অর্থ দিয়ে যদি মানুষকে পাবলিক টয়লেট ব্যবহার করতে হয়, তবে জনগণ কেন স্থানীয় সরকারকে কর দেবে? বাণিজ্যিক প্রতিষ্ঠান বা অন্যান্য জনসমাগম স্থল তৈরির সময় বিনা মূল্যে পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিতের শর্ত আরোপ এবং নিয়মিত পাবলিক টয়লেটগুলোর অবস্থা মনিটরিং ও অভিযোগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার বিষয়টিতেও গুরুত্ব দেন মাহবুবুল আলম।