খুলনা নগরের ১৫টি ওয়ার্ডের ৪৬১ মা ও শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য উপকরণ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নগরের দৌলতপুর আঞ্জুমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগী মহিলাদের জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক দুই বছর মেয়াদ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে এ সেবা দেওয়া হয়। খুলনা জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচির আওতায় ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরে খুলনা সিটি করপোরেশন এলাকায় ২ হাজার ৬৮৬ জন উপকারভোগী নারীকে প্রতি মাসে ৫০০ টাকা করে মোট ৩ কোটি ২২ লাখ ৩২ হাজার টাকা দেওয়া হয়। সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক নাজমুল আহসান। এ ছাড়া জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন, আঞ্জুমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য দেন।