বিনা মূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছেন ১২০০ রিকশাচালক
গুলশানের নিবন্ধিত ১ হাজার ২০০ রিকশাচালক ও তাঁদের পরিবারের সদস্যদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেবে গুলশান সোসাইটি ও হেলথ অন হুইলস। আজ বুধবার সকাল সাড়ে দশটায় রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কের মুক্তাঙ্গনে সেবামূলক এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ‘আশার আলো’ নামের এ জনকল্যাণমূলক কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, ‘গুলশান সোসাইটির এ উদ্যোগ কোনো কিছু গড়ার উদ্যোগ। এটা যেন ভেঙে না যায়।’
গুলশান সেন্ট্রাল মসজিদের ভূগর্ভস্থ তলায় অস্থায়ীভাবে আজ ও আগামীকাল এই স্বাস্থ্য কার্যক্রম চলবে। প্রত্যেক রিকশাচালকের জন্য ডেটাবেইস তৈরি করে স্বাস্থ্য কার্ড সরবরাহ করা হচ্ছে। স্বাস্থ্য কার্ডে তাঁদের চিকিৎসার অগ্রগতি লেখা থাকবে। এ ছাড়া তাঁরা মুঠোফোনেও স্বাস্থ্যসেবা নিতে পারবেন। নয়জন চিকিৎসক ও ১৬ জন স্বাস্থ্যকর্মী নিয়োজিত আছেন এই সেবা কার্যক্রমে।
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় করে প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ করা হচ্ছে সেবাগ্রহীতাদের মধ্যে। রক্তচাপ, ডায়াবেটিস, রক্তশূন্যতা, যক্ষ্মা, হাঁপানি আছে কি না তা দেখা হচ্ছে। শিশুর টিকার বিষয়সমূহ, পুষ্টি, নারীদের স্বাস্থ্য সমস্যাও দেখা হবে। রোগ গুরুতর হলে যৌথ উদ্যোগে সরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। তা ছাড়া এ কার্যক্রমের পরও প্রতি মাসে তাঁদের স্বাস্থ্যবিষয়ক খোঁজ নেওয়া হবে।
আবদুস সাত্তার (৫৬) গুলশান এলাকায় হলুদ রিকশা চালান। আজ তিনি স্বাস্থ্যসেবা নিয়ে বলেন, ‘এ রকম সুবিধা থাকলে তো ভালোই হয়। মাঝেমধ্যে দেখাইতে পারি। আমরা তো মেলা শরীর খারাপ না হইলে হাসপাতালে যাই না।’
অনুষ্ঠানে গুলশান সোসাইটির সভাপতি এ টি এম শামসুল হুদা বলেন, ‘গুলশান সোসাইটি গণ্ডি ভেঙে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষকে সেবা দিতেও এগিয়ে এসেছে। পরবর্তী সময়ে আমরা চেষ্টা করব তাঁদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিতে।’