বিনা মূল্যের ট্রান্সফরমার দিয়ে টাকা আদায়
পল্লী বিদ্যুতের এক পরিচালকের বিরুদ্ধে বিনা মূল্যের ট্রান্সফরমার দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এলাকা (হাকিমপুর-১১) পরিচালক মো. মতিউর রহমানের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে।
উপজেলার বিশাপাড়া ও নওনাপাড়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এ বিষয়ে তাঁরা গত ১২ সেপ্টেম্বর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু এখন পর্যন্ত অভিযুক্ত ওই পরিচালকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
নওনাপাড়া গ্রামের বাসিন্দা আবদুর রশিদ,বিশাপাড়া মাদ্রাসার নৈশপ্রহরী আশেক আলীসহ অনেকই অভিযোগ করেন, নওনাপাড়া গ্রামে ১৫ কেভি ট্রান্সফরমার পরিবর্তন করে ২৫ কেভির ট্রান্সফরমার স্থাপন করা হয়। ট্রান্সফরমারটি ছিল জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ সোসাইটির (জাইকা)। এই ট্রান্সফরমার স্থাপনের নামে মতিউর রহমান ওই এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ-মিস্ত্রি রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে এলাকাবাসীর কাছ থেকে এক লাখ ৯৫ হাজার টাকা নেন। এলাকাবাসী পরে জানতে পারেন, ওই ট্রান্সফরমারটি ছিল বিনা মূল্যের।
পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য উপব্যবস্থাপক (ডিজিএম) আশরাফুল হককে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে গোলাম রব্বানী জানান, তাঁরা ঘটনার সত্যতা পেয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে তদন্ত কমিটি এসে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে।
তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে মতিউর রহমান মুঠোফোনে প্রথম আলোকে জানান, তিনি গ্রাহকদের কাছ থেকে কোনো টাকা নেননি।