বিনা মূল্যের ধান বীজ বিক্রির ঘটনায় তদন্ত
যশোরের অভয়নগর উপজেলায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) বিনা মূল্যের ধানবীজ বিক্রির ঘটনার তদন্ত শেষ হয়েছে। গত তিন দিনে ইরি ও একটি বেসরকারি সংস্থা এ কাজ শেষ করে।স্থানীয় সূত্রে জানা গেছে, ইরির আর্থিক সহায়তায় সাতক্ষীরাভিত্তিক বেসরকারি সংস্থা সুশীলন আইলাদুর্গত এলাকার কৃষকদের মধ্যে চাষের জন্য বিনা মূল্যে ধানবীজ বিতরণ করার উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে অভয়নগরের আটটি ইউনিয়নের কৃষকদের মধ্যে ১৭ ডিসেম্বর থেকে ৪০ মেট্রিক টন ধানবীজ বিতরণ করা হয়।কৃষকেরা অভিযোগ করেন, সুন্দলী, চলিশিয়া ও পায়রা ইউনিয়নের চেয়ারম্যানরা বিনা মূল্যের ওই ধানবীজ কৃষকদের কাছে বস্তাপ্রতি (১০ কেজির বস্তা) ৫০ থেকে ১০০ টাকায় বিক্রি করেছেন।এ নিয়ে গত রোববার প্রথম আলোতে ‘জনপ্রতিনিধিরা বিক্রি করছেন বিনা মূল্যের ধানবীজ’ শিরোনামে সংবাদ ছাপা হয়। এ ঘটনায় ইরির পক্ষ থেকে একটি এবং বেসরকারি সংস্থা (এনজিও) সুশীলনের পক্ষ থেকে আরেকটি তদন্তদল গঠন করা হয়েছে। সুশীলনের তদন্তদল গত সোমবার এবং ইরির তদন্তদল গত বুধবার ও বৃহস্পতিবার সরেজমিনে এসে তদন্ত করেছে।