বিনা মূল্যের পাটবীজ আবর্জনার স্তূপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় বিনা মূল্যে বরাদ্দ করা ৩০০ কেজি সরকারি পাটবীজ কৃষকের মধ্যে বিতরণ না করায় তা পচে যাওয়ায় আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়েছে। ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের কার্যালয়ের (ইউপি) পাশে গতকাল সোমবার বীজগুলো পড়ে থাকতে দেখা গেছে।
উপজেলা পাট কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) থেকে গত মে মাসের প্রথম সপ্তাহে ভান্ডারবাড়ি ইউনিয়নের কৃষকদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য ৩০০ প্যাকেট (প্রতিটিতে এক কেজি) উচ্চ মানের ফলনশীল তোষা পাটের বীজ বরাদ্দ দেওয়া হয়। বীজের প্যাকেটগুলো উপজেলা পাট কার্যালয় থেকে ভান্ডারবাড়ি ইউপির চেয়ারম্যান আতিকুল করিম তুলে নেন। তিনি বীজগুলো কৃষকদের মধ্যে বিতরণ না করে ইউপির গুদামে মজুত করে রাখেন। কয়েক দিন পর বীজগুলো থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। চেয়ারম্যানের নির্দেশে গতকাল সকালে গ্রাম পুলিশের সদস্যরা বীজগুলো ইউপি কার্যালয়ের সামনে আবর্জনার স্তূপে ফেলে দেন।
গতকাল সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, এলাকাবাসীকে সেই পচা গন্ধ থেকে রক্ষা করতে গ্রাম পুলিশ আবদুর রশিদ বীজগুলো অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন।
ইউপি চেয়ারম্যান আতিকুল করিম বলেন, ‘আমার এলাকায় মার্চ ও এপ্রিল মাসে পাট চাষ করা হয়। মে মাসে বরাদ্দ পাওয়ায় এই বীজগুলো আর কেউ নেয়নি। এ কারণে তা কৃষকদের মধ্যে বিতরণ করা সম্ভব হয়নি। এত দিন বীজগুলো গুদামে পড়ে ছিল। পচে দুর্গন্ধ হওয়ায় প্যাকেটগুলো ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আগেই জানানো হয়েছিল।’
ইউএনও হাফিজুর রহমান বলেন, ‘সরকারি পাটবীজ কৃষকদের মধ্যে বিতরণ না করে মজুত রাখার বিধান নেই। বিষয়টি আমাকে জানানোও হয়নি। ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ধুনট উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হোসনেয়ারা পারভিন বলেন, ‘মে মাসেও ওই এলাকায় পাট চাষের মৌসুম থাকে। তারপরও ইউপি চেয়ারম্যান কী কারণে বা কেন বীজগুলো বিতরণ করেননি, তা আমাকে জানানো হয়নি।’
কইয়াগাড়ি গ্রামের পাটচাষি আবদুস সামাদ (৫৫) বলেন, ‘ইউনিয়ন পরিষদে যে সরকারি পাটের বীজ এসেছে, আমাদের তা জানানোই হয়নি। সেটা না জানায় বাজার থেকে বীজ কিনে পাট চাষ করেছি।’